ফিন রোগের শিকার আল আমিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল আমিন
আল আমিন

কাল রাতে স্টিভেন ফিনকে কোনো খুদে বার্তা পাঠিয়েছেন কৌশল সিলভা? শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত প্রথম সেঞ্চুরিটি যে পেলেন, তাতে একটা ধন্যবাদ তো প্রাপ্য ফিনের! আল আমিন হোসেন তেমনি অভিসম্পাত করতে পারেন দীর্ঘদেহী ওই ইংলিশ পেসারকে। একই ঘটনায় যে দুজন কাল ভাগ্যের দুটি পিঠ দেখে ফেললেন, সেটির নেপথ্যে তো ফিনই!
বোলিংয়ের শেষ ধাপে হাত বা পা লেগে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প-বেল পড়ে যাওয়ার ঘটনা ক্রিকেটের আদিকাল থেকেই ঘটে আসছে। কিন্তু এটিকে উদ্ভট এক সমস্যা আর বিরক্তিকর এক ব্যাপারে রূপ দেওয়ার ‘কৃতিত্ব’ ফিনের। প্রায় প্রতি ম্যাচে অসংখ্যবার তা করতে করতে এটির নামই হয়ে গেল ‘ফিন সমস্যা।’ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজে তো আনুষ্ঠানিকভাবে অভিযোগই জানিয়ে ফেললেন গ্রায়েম স্মিথ। এর পরই ব্যাপারটি গুরুত্বের সঙ্গে নিল ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা এমসিসি। গত এপ্রিলে ডেড বলের বদলে তাই ‘ফিন সমস্যার’ শাস্তি করা হলো ‘নো বল’।
মজার ব্যাপার হলো, এই আইনের প্রথম শিকারও বাংলাদেশেরই একজন! গত মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ের ওয়ানডেতে ফিন রোগে ‘নো’ ডাকা হলো শফিউল ইসলামকে। তবে সেবার ব্যাটসম্যান রেজিস চাকাভা ওই বলে আউট হননি বলে খুব একটা খেসারত দিতে হয়নি বাংলাদেশকে। কাল ৪০ রানে ওভাবে বেঁচে গিয়ে সিলভা করেছেন আরও ৯৯!
দিনের শেষে সিলভা বললেন, ‘বুঝিইনি নো বল হয়েছে। নাইজেল লং দাঁড়াতে বললেন, পরে দেখি বেঁচে গেছি। ভাগ্যটা তো খেলারই অংশ।’ কিন্তু এই দর্শনে আল আমিন সান্ত্বনা পাবেন কেন? ‘স্টাম্পে পা লাগার পরই বুঝিইনি প্রথমে। পেছনে তাকিয়ে বেলস না দেখে মনে হলো কিছু একটা সমস্যা। জীবনে আর কখনো এমন হয়নি। খুব খারাপ লেগেছে।’