পুরো টেস্ট সিরিজ পানি-তোয়ালে বয়ে বেড়াতে হয়েছে। ওয়ানডে সিরিজের আগে বিরক্তিটা খোলাখুলিই জানিয়েছিলেন স্টিভেন ফিন। কাঁধে তোয়ালে আর হাতে পানির বোতল নিয়ে ভেতরে যে আগুন বয়ে বেড়াচ্ছিলেন, পরশু সেটি বেরিয়ে এল বোলিংয়ে। তাতে পুড়ে ছারখার পাকিস্তানের টপ অর্ডার।ক্যারিয়ার-সেরা ইনিংস খেলে ম্যাচ-সেরা অবশ্য অ্যালিস্টার কুক। তবে অধিনায়কের ১৩৭ রানের ইনিংসের পরও ইংল্যান্ড ২৬০ রানের বেশি তুলতে পারেনি। ধারাভাষ্যকারেরা বারবার বলছিলেন, আবুধাবির উইকেটে এই রান জয়ের নিশ্চয়তা দিতে পারে না। তবে ফিন এটিকে যথেষ্টরও বেশি বানিয়ে ছাড়লেন। গতি-সুইংয়ের মিশেলে প্রথম স্পেলেই তুলে নিলেন হাফিজ-ফারহাত-শফিক-ইউনুসকে। পাকিস্তান ৪ উইকেটে ৪০, ম্যাচ তো কার্যত তখনই শেষ!পাকিস্তানের ব্যাটিংয়ে অবশ্য পরশু গভীরতা ছিল অনেক, মালিক ছিলেন সাতে, আটে আফ্রিদি। তবে ফিন মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি পাকিস্তানি ব্যাটিং। ফিনের (৪/৩৪) পর বাকি কাজটুকু সেরেছেন দুই স্পিনার সামিত (৩/২৬) ও সোয়ান (২/১৯)। আফ্রিদির ২২ বলে ২৮ রানই পাকিস্তানের সর্বোচ্চ, ২০ ছুঁয়েছেন আর একজনই—উমর আকমল (২২)। ১৩০ রানে গুটিয়ে পাকিস্তান হেরেছেও ১৩০ রানেই। বিফলে গেছে আজমলের ক্যারিয়ার-সেরা বোলিং (৫/৪৩)।২৬০ রান যে এই উইকেটে অজেয় কিছু নয়, জানতেন কুকও। জয়ের পর তাই মূল কৃতিত্বটা দিলেন বোলারদেরই, ‘এই উইকেটে বোলাররা অসাধারণ বোলিং করেছে। ফিনি দারুণ শুরু এনে দিয়েছে, জিমি ও ব্রডি ওকে ভালো সহায়তা করেছে। এরপর স্পিনাররাও...সব মিলিয়ে অসাধারণ দলীয় পারফরম্যান্স।’ টেস্ট সিরিজে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকের ধারণা ছিল, ওয়ানডেতেও হয়তো ইংল্যান্ডকে তারা হোয়াইটওয়াশই করবে। চার ম্যাচের সিরিজের প্রথমটিতে হেরে যাওয়ার পর পাকিস্তান অধিনায়ক মিসবাহর কণ্ঠে উল্টো দুশ্চিন্তার সুর, ‘ব্যাটিংটা অনেক দিক থেকেই আমাদের ভাবাচ্ছে। ব্যাটিংয়ে আরও শৃঙ্খলা দেখাতে হবে।’ তবে এর পরই শুনিয়েছেন ফিরে আসার প্রত্যয়, ‘আমরা অবশ্যই ঘুরে দাঁড়াতে পারি, বুধবার আমরা ঠিক কাজগুলো করার চেষ্টা করব।’আজই সেই বুধবার, সিরিজের দ্বিতীয় ম্যাচ। দেখা যাক, কতটা পারেন মিসবাহরা! এএফপি, ওয়েবসাইট।