প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল টি-টোয়েন্টির প্রতিভূ। ২০ ওভারের ক্রিকেটে সারা বিশ্ব মাতিয়ে বেড়ানো ক্যারিবীয় ব্যাটসম্যানের অধিকারেই সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১১টি সেঞ্চুরির মালিক কাল মিরপুরে ফিফটি করেই ছুঁয়েছেন অনন্য এক মাইলফলক। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বাঁহাতির ৫৩ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে ৫০তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস। ১৬২ ম্যাচে এই মাইলফলক ছোঁয়া গেইলের সবচেয়ে কাছে আছেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। ২১৬ ম্যাচে ৪৩টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস হজের। ৩৫, ৩২ ও ৩১টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এরপরই আছেন অস্ট্রেলিয়ারই ডেভিড ওয়ার্নার, শন মার্শ ও ডেভিড হাসি।