বর্ণবাদের মতো নিন্দনীয় আচরণ, ইয়া তোরের দুঃখ পাওয়াটা স্বাভাবিক। সেই দুঃখ এবং হতাশা থেকেই হয়তো কৃষ্ণাঙ্গ ফুটবলারদের নিয়ে রাশিয়ায় হতে যাওয়া ২০১৮ বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিলেন। তবে পরে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার। এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তিনি ফিফা ও উয়েফার কাছে।
গত বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর সঙ্গে খেলার সময় ইয়া তোরের উদ্দেশে বানরের অঙ্গভঙ্গি ও আওয়াজ করেছিল রুশ দর্শকেরা। ম্যাচের পরই ক্ষোভে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিলেন দুবারের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার, ‘রাশিয়া এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে সব কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ২০১৮ সালের বিশ্বকাপ বয়কট করবে।’ তবে ক্ষোভের প্রাথমিক বিস্ফোরণটা হয়ে যাওয়ার পর সেই ঘোষণা থেকে সরে গিয়ে কিছুটা নমনীয় তোরে, ‘এটা ফিফা আর উয়েফার কাজ। তারা যথোপযুক্ত ব্যবস্থা নেবে আমরা এটাই চাই।’
সামান্য কিছু অভদ্র দর্শকের জন্য এমন কঠিন সিদ্ধান্ত না নিতে তোরেকে অনুরোধ করেছেন চেলসির কোচ হোসে মরিনহোও, ‘আমি ওর কষ্টটা বুঝি। কিন্তু কে বেশি গুরুত্বপূর্ণ? কোটি কোটি দর্শক, যারা ফুটবল ভালোবেসে মাঠে আসে তারা, নাকি গুটি কতক দর্শক যারা অশোভন আচরণ করার জন্যই মাঠে আসে? কৃষ্ণাঙ্গ ফুটবলারদের ছাড়া ফুটবল কখনো সেরা ফুটবল হবে না।’ এএফপি।