ফিফা চালাচ্ছে ডাইনোসররা!
ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ডাইনোসর বিলুপ্ত হয়েছে প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে। তবে এই মেরুদণ্ডী প্রাণীরা এখনো আছে পৃথিবীতে! আর এই ডাইনোসররাই চালাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে!সংযুক্ত আরব আমিরাতের দল আল ওয়াসলের হয়ে আজ শনিবার প্রথম সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। এখানেই ফিফার ওপর ক্ষোভ ব্যক্ত করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি, ‘ফিফা বড় একটা জাদুঘর। বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা পরিচালিত করছে ডাইনোসররা। এদের কারও ফুটবল সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই।’বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হতে চলেছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। বেশ কিছু পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে ম্যারাডোনা বলছেন, ‘কোনো পরিবর্তনই আসবে না। ব্লাটার আবারও নির্বাচিত হওয়ায় আমি বিস্মিত হইনি। ১০৫ বছর পর্যন্ত ওরা ফিফায় থাকবে। কারণ, ওরা একজন আরেকজনের স্বার্থ রক্ষা করে।’এতই যখন ক্ষোভ, ম্যারাডোনা নিজে ফিফার দায়িত্ব নিলেই তো পারেন! ক্ষোভে বলতেই পারেন অনেকে। প্রসঙ্গটা খোলাসা করেছেন ম্যারাডোনা নিজেই, ‘আমাকে ফিফার সঙ্গে যুক্ত হতে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছি, যেখানে কেউ ফুটবল বোঝে না, এমন পরিবারে আমি যেতে পারি না।’ রয়টার্স।