ফিফা দেবে আরও ৩ লাখ ডলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা তার সদস্যভুক্ত প্রতিটি ফেডারেশনকে অতিরিক্ত ৩ লাখ ডলার সাহায্য দেবে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অনেক লাভ হয়েছে ফিফার। যক্ষের ধনের মতো এত অর্থ জমিয়ে রেখে তো লাভ নেই। তাই ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ঠিক করেছে এবারই প্রতিটি জাতীয় অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ডলার করে লভ্যাংশ দেওয়া হবে। এটি আড়াই লাখ ডলারের বার্ষিক অনুদানের অতিরিক্ত। আর মহাদেশীয় কনফেডারেশনগুলো পাচ্ছে অতিরিক্ত ২৫ লাখ ডলার করে।গত বিশ্বকাপ ফুটবল থেকেই সিংহভাগ লাভ করা ফিফা ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত চার বছরে প্রায় ৩৪০ কোটি ডলার মুনাফা করেছে।১১ সদস্যের ওশেনিয়া কনফেডারেশন সবার আগে এই টাকা পাচ্ছে। আমেরিকান সামোয়ায় অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অনেকেই একে সেপ ব্ল্যাটারের পুনর্নির্বাচনের আগাম উপহার হিসেবে দেখছেন। এপি।