ফিফা বিশ্বকাপের বছরে
২০১০ সালে জোহানেসবার্গের সকার সিটিতে ইকার ক্যাসিয়াস বিশ্বকাপ ট্রফিটা হাতে তোলার পর থেকেই ফুটবল-ভক্তরা তাকিয়ে আছেন ২০১৪-এর দিকে। অবশেষে এসেছে ২০১৪, বিশ্বকাপ ফুটবলের বছর। আগামী জুন-জুলাইয়ে পুরো বিশ্বই বুঁদ হয়ে থাকবে ফুটবলে। তবে শুধু বিশ্বকাপই নয়, বছরজুড়েই নানা টুর্নামেন্ট নিয়ে মেতে থাকবে ফুটবল-বিশ্ব। সেগুলোই আবার স্মরণ করিয়ে দিল ফিফা—
১৩ জানুয়ারি
বছরের শুরুতেই জুরিখে বসছে তারার হাট। ফুটবলের রথী-মহারথীরা একত্রিত হবেন ফিফা-ব্যালন ডি’অর গালায়। ফুটবলের সবচেয়ে প্রার্থিত ব্যক্তিগত পুরস্কার ফিফা-ব্যালন ডি’অর উঠছে কার হাতে, সেই রহস্যই ফাঁস হবে এই রাতে।
২৩ ফেব্রুয়ারি
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব শেষ হতে না-হতেই বেজে উঠছে আরেকটি বাছাইপর্বের দামামা। ২০১৬ ইউরোর বাছাইপর্বের ড্র হবে এদিনই, ফ্রান্সের নিসে। দুই বছর পর ফ্রান্সেই বসছে ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর।
৪ এপ্রিল
চোখ রাখতে হবে মেয়েদের ফুটবলেও। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের শিরোপা নির্ধারিত হবে কোস্টারিকার সান হোসেতে।
২৪ মে
ধুন্ধুমার প্রতিদ্বন্দ্বিতার আবেশ ছাড়ানো উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমটা শেষ হবে লিসবনে।
১২ জুন
সাও পাওলোর স্থানীয় সময় বিকেল ৫টায় ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের।
১৩ জুলাই
ফুটবল-জ্বরটা তুঙ্গে উঠবে এদিনই। মারাকানায় চোখ থাকবে সারা বিশ্বের। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে ২০তম বিশ্বকাপের ফাইনাল।
১৩ আগস্ট
কোপা লিবার্তাদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ। দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব কারা, জানা যাবে এদিনই।
২৪ আগস্ট
আরেকটি বিশ্বকাপ ফাইনাল। কানাডার মন্ট্রিয়লে হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল।
২০ ডিসেম্বর
ক্লাব বিশ্বকাপের ফাইনাল।