ফিফা ব্যালন ডি'অর জিতলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবেগ ছুঁয়ে গেল রোনালদোকে। ছবি: রয়টার্স।
আবেগ ছুঁয়ে গেল রোনালদোকে। ছবি: রয়টার্স।

মঞ্চ থেকে হাস্যোজ্জ্বল মুখে পেলে ঘোষণা করলেন—ফিফা ব্যালন ডি’অর-২০১৩ বিজয়ী—ক্রিস্টিয়ানো রোনালদো।
ত্বরিত গতিতে মঞ্চে উঠলেন পর্তুগিজ উইঙ্গার, সঙ্গে ছেলে। পুরস্কার হাতে নিয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অশ্রু ঝরল চোখের কোণ বেয়ে। দ্রুতই তা সংক্রমিত হলো পরিবারের অন্যদের মাঝেও। রোনালদো কাঁদছেন, কাঁদছেন মা, কাঁদছেন জীবনসঙ্গিনী ইরিনা শায়েক। এমনকি শিশুপুত্রের চোখে অশ্রুর স্রোত! কান্নাটাই স্বাভাবিক। কেননা এ কান্না যে সুখের, এ যে আনন্দাশ্রু!
গত চার বছর জুরিখের সন্ধ্যায় একটি দৃশ্যই ছিল পরিচিত—পুরস্কার হাতে এক চিলতে মায়াময় হাসি ছড়িয়ে দাঁড়িয়ে লিওনেল মেসি! প্রতিবার সাদা শার্টের ওপর কালো কোট চাপালেও মেসির পোশাকে এবার পরিবর্তন। কালো নয়, পরনে তাঁর লাল কোট। পুরস্কারে ‘বড় পরিবর্তন’ হবে ভেবেই কিনা মেসির পোশাক পরিবর্তন!
শক্তি, গতি, পাসিং, শ্যুটিং—সব বিভাগে ‘এ প্লাস’ পাওয়া পর্তুগিজ উইঙ্গারকে টপকে যাওয়া কঠিনই ছিল অপর দুই প্রতিযোগী মেসি ও ফ্রাঙ্ক রিবেরির। পরিসংখ্যানেও ঢের এগিয়ে সিআর সেভেন। গেল বছর রোনালদো ৫৬ ম্যাচে করেছেন ৬৬ গোল। সেখানে মেসি ৪৫ ম্যাচে ৪২, রিবেরি ৫২ ম্যাচে ২২ গোল। সবদিক বিবেচনায় পর্তুগিজ উইঙ্গারের পুরস্কার প্রাপ্তি অনুমিতই ছিল।
মেসি বরাবরের মতো এবারও ব্যালন ডি’অর নিয়ে ছিলেন নির্লিপ্ত। তবে রিবেরি ছিলেন বেশ উচ্চকণ্ঠ। দলীয় সাফল্যে ভাস্বর বায়ার্ন তারকার অবদান অবশ্য অস্বীকার করার উপায় নেই। পুরস্কার ঘোষণার আগেই ষড়যন্ত্রতত্ত্ব খুঁজে পেয়েছিলেন বায়ার্ন সভাপতি উলি হোনেস। তিনি দাবি করেছিলেন, ‘জরুরিভিত্তিতে সময়সীমা (ভোটদানে) বৃদ্ধির কারণেই রিবেরি ব্যালন ডি’অর জিততে পারবে না।’ তিনি এও হুমকি দিয়ে রেখেছিলেন, ‘১৫ নভেম্বরের আগে কত ভোট পড়েছে, আর এর পর কত পড়েছে—প্রতিটি ভোট লক্ষ করব আমরা।’ যে যা-ই বলুক না কেন, রোনালদোর জয়গান গাওয়া ছাড়া উপায় নেই! সময় এখন সিআর সেভেনের।

পূর্বঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া পেলেকে। পুরস্কার নিতে এসে চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে ব্রাজিলিয়ান কিংবদন্তিরও। নিজের দেওয়া ভাষণে পেলে তাই বললেন, ‘পরিবারকে কথা দিয়েছিলাম কাঁদব না, কিন্তু আমি আবেগাক্রান্ত।’

এবার পুসকাস অ্যাওয়ার্ড (সেরা গোল) পেয়েছেন জ্লাতান ইব্রামোভিচ (সুইডেন/পিএসজি)। ফিফা বর্ষসেরা কোচ হয়েছেন বায়ার্নের সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেস। বর্ষসেরা নারী খেলোয়াড় নাদিন অ্যাঙ্গেরার (জার্মানি)। দক্ষিণ এশিয়ার সুখবর—আফগানিস্তান জিতেছে ‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড-২০১৩’।

২০০৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বসেরা একাদশ নির্বাচনে এবার কিছুটা বৈচিত্র্যতা লক্ষ করা গেল। ‘কিছুটা’ বলতে, গতবার লা লিগার খেলোয়াড়ের প্রাধান্য ছিল। এবার সেখানে বুন্দেস লিগার খেলোয়াড়েরা ভাগ বসিয়েছেন। তবে লক্ষণীয়,  টানা পঞ্চমবার ঠাঁই পেলেও এবার গোলরক্ষকের তালিকা থেকে ছিটকে পড়েছেন স্পেন ও রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। ক্যাসিয়াসের জায়গায় ঠাঁই পেয়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার।

ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ ২০১৩

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ)

রক্ষণভাগ: ফিলিপ লাম (জার্মানি/বায়ার্ন মিউনিখ), সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (ব্রাজিল/পিএসজি), দানি আলভেজ (ব্রাজিল/বার্সেলোনা)

মিডফিল্ডার: আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা), জাভি হার্নান্দেজ (স্পেন/বার্সেলোনা), ফ্রাঙ্ক রিবেরি (ফ্রান্স/বায়ার্ন মিউনিখ) 

ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ), জ্লাতান ইব্রামোভিচ (সুইডেন/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)।

সূত্র: ফিফাডটকম।