ফিফা-ব্যালন ডি’অর যাচ্ছে বার্সেলোনায়
লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা নাকি জাভি হার্নান্দেজ—কে পাচ্ছেন ২০১০ ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার? আগামী ১০ জানুয়ারি পাওয়া যাবে এর উত্তর। জুরিখে এদিনই ঘোষণা করা হবে বছরের সেরা খেলোয়াড়ের নাম। তবে একটা বিষয় নিশ্চিত হয়েই গেল—পুরস্কারটা বার্সেলোনাতেই যাচ্ছে। পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকার তিনটি নামই যে বার্সেলোনার।চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগাসহ বার্সেলোনা গত বছর ৬টি শিরোপা জিতেছে। আর্জেন্টাইন প্লে-মেকার মেসির জাদুকরি খেলাই বার্সাকে নিয়ে গিয়েছিল অর্জনের এভারেস্টে। আগের বছরের ফিফা ও ইউরোপ-সেরার স্বীকৃতি পেয়েছিলেন মেসিই। এবার দুটি পুরস্কার মিলে হয়ে গেছে একটি। এক হয়ে যাওয়া ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারটা এবার কার হাতে উঠতে যাচ্ছে?ইতালির পত্রিকা গাজেত্তা দেল্লো স্পোর্ত রোববারের সংস্করণে লিখেছে, পুরস্কারটি স্পেন মিডফিল্ডার ইনিয়েস্তার হাতে ওঠা উচিত। বিশ্বকাপ ফাইনালে হল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়সূচক গোলটিই তাঁকে এগিয়ে রাখছে বলে মন্তব্য পত্রিকাটির। তবে কেউ কেউ জাভির কথাও বলছেন জোর গলায়। স্পেন ও বার্সেলোনার মাঝমাঠের নিপুণ সেনানী তো তিনিই। ইতালিরই কিংবদন্তি ডিফেন্ডার ও এসি মিলানের সাবেক তারকা পাওলো মালদিনি মেসির পক্ষে সোচ্চার। আর্জেন্টিনার ছোট্ট জাদুকরের জাদুকরি ফুটবলে পুরো বিশ্বের মতো মুগ্ধ তিনিও। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক তাঁর দেশের কাউকে ভোট দিতে পারবেন না। কিন্তু দেশের দুজনের সঙ্গে মেসির প্রতিদ্বন্দ্বিতা জেনেও তিনি ভোট মেসিকেই ভোট দেবেন বলে জানিয়ে রেখেছেন। স্পেনকে বিশ্বকাপ জেতানো দেল বস্কের সঙ্গে বর্ষসেরা কোচের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বার্সেলোনার পেপ গার্দিওলা ও ইন্টারকে ট্রেবল জেতানো বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।গত মৌসুমের মতো নতুন মৌসুমেও যে দুর্দান্ত খেলে চলেছেন মেসি। গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৫৩ ম্যাচ খেলে করেছেন ৪৭ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি। আর এবার এ পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছেন। ২৫ গোল করার পাশে সতীর্থদের দিয়ে করানো গোলের সংখ্যা ১২। মেসিকে ভোট না দিয়ে উপায় আছে!তবে মেসির স্বদেশি ইন্টার মিলানের অধিনায়ক হাভিয়ের জানেত্তির কণ্ঠে রাগ ঝরে পড়ছে সংক্ষিপ্ত তালিকায় তাঁর ক্লাব সতীর্থ ওয়েসলি স্নাইডারের নাম না ওঠায়। অক্টোবর মাসে প্রকাশিত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বিশ্বকাপে রানার্সআপ হওয়া হল্যান্ডের প্লে-মেকার। এএফপি।