ফিফা মাফিয়া নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ হবে দুপুরের গনগনে রোদে। স্থানীয় সময় বেলা একটায়। দক্ষিণ ব্রাজিলে সে সময় আবার থাকতে পারে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। এ রকম অদ্ভুতুড়ে সময় ঠিক করার জন্য ফিফা পড়েছে তোপের মুখে। তবে ফিফা মহাসচিব জেরোম ভালক গতকাল আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘খেলোয়াড়দের স্বাস্থ্য ও ম্যাচের গুণগত মানকেই আমরা অন্য সবকিছুর ওপরে অগ্রাধিকার দিয়েছি।’ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম অবশ্য ভালকের কথার সঙ্গে পুরোপুরি একমত নয়। অভিযোগ আছে, ইউরোপিয়ান টিভি মিডিয়াগুলোকে সুবিধা করে দিতেই এমন সিদ্ধান্ত। তবে ভালক দাবি করেছেন, এখানে মিডিয়ার কোনো প্রভাবই নেই। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও পরে সুর মিলিয়েছেন তাঁর মহাসচিবের সঙ্গে, ‘আপনি যখন একটা প্রতিযোগিতায় ৬৪টি ম্যাচ ৩০ দিনের মধ্যে শেষ করতে চাইবেন, তখন চাইলেও বেলা একটায় খেলা এড়িয়ে যেতে পারবেন না। ইতিহাসে দেখবেন ভালো খেলোয়াড়েরা সব আবহাওয়াতেই ভালো খেলে। মেক্সিকো ১৯৮৬ বিশ্বকাপের কথাই ধরুন, বেলা ১টায় ২০০০-২৮০০ মিটার উঁচুতে খেলা হয়েছিল, কিন্তু তাতে খেলার মানে কোনো আঁচড় পড়েনি।’ ফিফা যেটি ভাবে সেটিই করে। আয়োজক দেশ, দর্শক—এসব নিয়ে ফুটবলের নিয়ন্তা সংস্থাটির মাথাব্যথা কম। অর্থাৎ ফিফা অনেকটাই স্বৈরাচারী। সংবাদমাধ্যম ফিফাকে ‘মাফিয়া’ সংগঠন বলে। তবে এই অপবাদ মানতে নারাজ ব্ল্যাটার, ‘আমরা নিখুঁত না হতে পারি, তবে মাফিয়া নই। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সংগঠনও নই।’ এএফপি।