প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ বিশ্বকাপের আয়োজক বলে বাছাইপর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে। তার ওপর প্রীতি ম্যাচগুলোতেও ফল আশানুরূপ হচ্ছে না। এই দুইয়ে মিলেই ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে ব্রাজিল। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ব্রাজিল আছে ১৯ নম্বরে। তবে ১৯৯৩ সালে চালু হওয়া র্যাঙ্কিংয়ে কোনো বিশ্ব চ্যাম্পিয়নের এটাই সর্বনিম্ন অবস্থান নয়। আটটি বিশ্ব চ্যাম্পিয়ন দলের ছয়টিই গত ২০ বছরে কোনো না-কোনো সময় এরও নিচে নেমেছে। দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ১৯৯৮ সালের ডিসেম্বরে নেমে গিয়েছিল ৭৬ নম্বরে। বাকি পাঁচটি দেশের সর্বনিম্ন অবস্থান এ রকম—জার্মানি (২২), আর্জেন্টিনা (২৪), স্পেন (২৫), ইংল্যান্ড (২৭) ও ফ্রান্স (২৭)। এ ছাড়া চারবারের চ্যাম্পিয়ন ইতালি বেশ কয়েকবার ১৬ নম্বরে ছিল।