ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেই সুখবর শুনলেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৫৪ থেকে এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ১৫২। সাফ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে আছে শুধু আফগানিস্তান (১৪০) ও ভারত (১৪৭)।এ বছরের শুরু থেকেই ফিফার র্যাঙ্কিংয়ে অগ্রগতি শুরু হয়েছে বাংলাদেশের। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ছিল ১৬৯ নম্বর অবস্থানে। মার্চ মাসে বড় একটা লাফ দিয়ে ১৫৭ নম্বরে উঠে আসে লাল-সবুজরা। এপ্রিল ও মে মাসে র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। ছিল ১৫৪ নম্বরে। চলতি মাসে ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়েছে আরও দুই ধাপ। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সাফ গেমসের আগে এই র্যাঙ্কিং অগ্রগতিটা হয়তো কিছু বাড়তি আত্মবিশ্বাসই যোগ করবে বাংলাদেশ শিবিরে।ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম তিনটি স্থানের দখল ধরে রেখেছে যথাক্রমে স্পেন, জার্মানি ও আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বকাপজয়ী দেশ ব্রাজিল আছে ২২ নম্বরে।