ফিফা র্যাঙ্কিংয়েও গ্রুপ বি ‘মৃত্যুকূপ’
এক গ্রুপে জার্মানি, হল্যান্ড, পর্তুগাল ও ডেনমার্ক। এবারের ইউরোর ড্রয়ের সময়ই চোখ কপালে উঠেছিল অনেকের। কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংও সাক্ষ্য দিচ্ছে ‘বি’ গ্রুপটা সত্যিই মৃত্যুকূপ। গ্রুপের চারটি দলই যে আছে শীর্ষ দশে। এক ধাপ নেমে গেলেও জার্মানি আছে তিনে, হল্যান্ড চারে, ডেনমার্ক ও পর্তুগাল যথাক্রমে নয় ও দশে। প্রস্তুতি ম্যাচগুলোতে খারাপ করায় পাঁচ ধাপ অবনমন হয়েছে পর্তুগালের।খুব একটা পিছিয়ে নেই ‘সি’ গ্রুপটাও। ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল স্পেন এই গ্রুপে। অন্য তিন দল ক্রোয়েশিয়া (৮), ইতালি (১২) এবং আয়ারল্যান্ডও (১৮) আছে শীর্ষ বিশে। ধারণার মতো র্যাঙ্কিংও দেখাচ্ছে গ্রুপ ‘এ’-ই সবচেয়ে দুর্বল। রাশিয়া (১৩) ও গ্রিস (১৫) সেরা বিশে থাকলেও চেক প্রজাতন্ত্র (২৭) ও পোল্যান্ড (৬২) আছে বেশ পেছনে। গ্রুপ ‘ডি’র চার দলের র্যাঙ্কিং হচ্ছে ইংল্যান্ড (৬), ফ্রান্স (১৪), সুইডেন (১৭) ও ইউক্রেন (৫২)।এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় ঘটনা উরুগুয়ের দুইয়ে উঠে আসা। দক্ষিণ আমেরিকান দলটি দুইয়ে উঠল এই প্রথম। তাদের দুই প্রতিবেশী ব্রাজিল (৫) ও আর্জেন্টিনাও (৭) এগিয়েছে যথাক্রমে এক ও দুই ধাপ। বাংলাদেশ আছে আগের সেই ১৫২ নম্বরেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে আছে শুধু নেপাল (১৪৯)। ওয়েবসাইট।