ফিফা 'অশুভ শক্তি': ম্যারাডোনা
ফিফাকে আরও একবার ধুয়ে দিলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এবার বললেন ‘অশুভ শক্তি’। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক স্বত্ব পেতে কাতারের ঘুষ দেওয়ার অভিযোগ নিয়ে দুই দিন আগে ফিফাকে ধুয়ে দিয়েছেন ম্যারাডোনা। এবার তোপ দাগলেন বিশ্বকাপ আয়ের অসম বণ্টন নিয়ে।
ফিফা সম্প্রতি ঘোষণা করেছে, ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে দুই কোটি ৬০ লাখ ইউরো। অথচ ম্যারাডোনার দাবি অনুযায়ী ব্রাজিল বিশ্বকাপ থেকে ফিফার আয় হবে তিন শ কোটি ইউরো!
এই বিশাল অঙ্কের আয় থেকে চ্যাম্পিয়ন দলের জন্য এত কম প্রাইজমানি মেনে নিতে পারছেন না আর্জেন্টিনার সাবেক কোচ। রোজারিওতে লাতিন আমেরিকান টিভি স্টেশন টেলেসুরকে ম্যারাডোনা তাই বলেছেন, ‘এটা (ফিফা) একটা অশুভ শক্তি। তারা যদি তিন শ কোটি ইউরো আয় করে, চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে মাত্র দুই কোটি ৬০ লাখ ইউরো। পার্থক্যটা আপনি বিশ্বাসই করতে পারবেন না।’ সঙ্গে যোগ করেছেন, ‘ফিফা খেলাটাকে গিলে ফেলছে। কোনো কিছু না করেই তারা তিন শ কোটি ইউরো পকেটে তুলবে।’ ওয়েবসাইট।