ফিফাও ছাড়লেন টিসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র গত সপ্তাহেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের পদ ছেড়েছেন। সরে দাঁড়িয়েছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আয়োজক কমিটি থেকেও। এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ফিফার নির্বাহী কমিটি থেকেও পদত্যাগ করলেন রিকার্ডো টিসেরা।পরশু পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) কাছে। বিস্তারিত কিছু না জানালেও কনমেবল বলছে, টিসেরা তাঁর সিদ্ধান্তে ‘অনড়’ই থাকবেন। টিসেরার পদত্যাগে পর্দা পড়ল দীর্ঘ বিতর্কিত এক অধ্যায়ের। ১৯৯৪ থেকে ফিফার নির্বাহী কমিটির সদস্য এই ব্রাজিলিয়ানের বিপক্ষে আছে দুর্নীতির বিস্তর অভিযোগ।এমনিতেই বিপদ, তার ওপর এই টিসেরা পরিবারের বিপদ আরও বেড়েছে জোয়াও হাভেলাঞ্জের অসুস্থতায়। হাভেলাঞ্জ টিসেরার শ্বশুর, বয়স এখন ৯৫। ফিফার সাবেক সভাপতি হাভেলাঞ্জকে গত পরশু ভর্তি করা হয়েছে রিও ডি জেনিরোর এক হাসপাতালে। ‘হাভেলাঞ্জের অবস্থা আশঙ্কাজনক,’ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া এই বিবৃতি টিসেরার জন্য নতুন ধাক্কাই। এএফপি, রয়টার্স।