ফিফাকে বেকেনবাওয়ার
জার্মানির সাবেক অধিনায়ক-কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ২৭ জুনের মধ্যেই তদন্ত কমিটিকে সহযোগিতা করবেন বলে জানিয়ে দিয়েছেন ফিফাকে। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হতে কাতার ভোটারদের ঘুষ দিয়েছে—এই অভিযোগে কিছুদিন ধরেই ফুটবল-বিশ্বে তোলপাড়। অভিযোগের তিরটা ফ্রান্স ও জার্মানির দিকেই। এই দুটি দেশই নাকি ঘুষের বিনিময়ে কাতারকে ভোট দিয়েছিল। সেটা হলে দায়টা বেকেনবাওয়ারের ওপরই পড়ে। কারণ ২০১০ সালে বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনের সময় ‘কাইজার’ ছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্য। অভিযোগ তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সাবেক আইনজীবী মাইকেল গার্সিয়াকে প্রধান করে তদন্ত কমিটি করেছে ফিফা। বেকেনবাওয়ার তদন্তে অসহযোগিতা করছেন—গার্সিয়ার রিপোর্টে এমন অভিযোগের ভিত্তিতেই ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে বেকেনবাওয়ারকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করে ফিফা। ফিফা দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নেবেন বলেও বেকেনবাওয়ারের প্রত্যাশা। এএফপি।