ফিফাকে ম্যারাডোনার তীর
কস্মিনকালে তাঁর কোনো নিন্দুকও বলতে পারবে না ম্যারাডোনার সঙ্গে ফিফার খুব উষ্ণ সম্পর্ক। ব্যাপারটা বরং উল্টো। সময়ে-অসময়ে ফিফা নিয়ে নানা ব্যঙ্গ করেছেন ম্যারাডোনা। কাল আরেকবার ফিফার উদ্দেশে ব্যঙ্গবিদ্রূপের বাক্যবাণ ছুড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফিফাকে নিয়ে ম্যারাডোনার এবারের বিদ্রূপের বিষয় সদ্যসমাপ্ত নির্বাচন। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচ হওয়ার পর কালই প্রথম সংবাদ সম্মেলন করেছেন ম্যারাডোনা। দুবাইয়ের ওই সংবাদ সম্মেলনেই আর্জেন্টিনার সাবেক কোচ বলেছেন, তাঁর চোখে ফিফা হচ্ছে একটা জাদুঘর। ‘ফুটবলের কিছু হবে না। ফিফা হচ্ছে বিরাট একটা জাদুঘর। আর এখানকার কর্তারা একেকজন ডাইনোসর! যারা ক্ষমতা ছাড়তে চায় না’—বলেছেন ম্যারাডোনা।ম্যারাডোনার এই খোঁচা সম্প্রতি পুনর্নির্বাচিত ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্ডোনাকে উদ্দেশ করে। মোহাম্মদ বিন হাম্মামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি নির্বাচন করতে পারেননি। একমাত্র প্রার্থী হিসেবে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ৭৫ বছর বয়সী ব্ল্যাটার।এটি কিছুতেই মেনে নিতে পারছেন না ম্যারাডোনা। ব্ল্যাটারের বয়সের দিকেই ইঙ্গিত করে প্রাগৈতিহাসিক জীব ডাইনোসরের তুলনা টেনেছেন। ব্ল্যাটারের নির্বাচিত হওয়াটা ম্যারাডোনাকে বিস্মিত করেনি! ‘তারা আসলে নিজেদেরই ভালো চায়, কেবল নিজেদের পিঠের দিকের তাকাতেই পছন্দ করে। ১০৫ আর ১১০ বছর না হওয়া পর্যন্ত ওরা যাবে না, দুর্ভাগ্যক্রমে ফুটবলেরও অমন হাল হবে’—বলেছেন আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।ব্ল্যাটার-গ্রন্ডোনারা নাকি আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’কে ফিফায় চেয়েছিলেন। তবে নিজে থেকেই সেই প্রস্তাব ম্যারাডোনা ফিরিয়ে দিয়েছেন। কারণ? শুনুন ম্যারাডোনার কণ্ঠেই, ‘ফিফা পরিবারের অংশ হওয়ার প্রস্তাব আমি পেয়েছিলাম। কিন্তু আমি বলে দিয়েছি কেউ যদি কখনো ফুটবল না খেলে তাহলে একটা পরিবার হবে কী করে!’ ব্ল্যাটারকে এ বিষয়টি নিয়েও খোঁচা দিয়েছেন ম্যারাডোনা। ‘ব্ল্যাটার কখনো ফুটবলে লাথিও মারেনি’—বলেছেন তিনি।ম্যারাডোনার মতে, ফিফাতে ফুটবল খেলা কিংবা সে রকম জানা-বোঝা কেউ নেই। তিনি নিজেও ফিরিয়ে দিয়েছেন ফিফায় যোগ দেওয়ার প্রস্তাব। ফিফা তাহলে এভাবেই চলবে? ফুটবলের অবস্থা এ রকমই থাকবে? ‘ফুটবলে অজ্ঞ মানুষদের নিয়ে খেলাটা চালাতে গেলে এর কোনো পরিবর্তন হবে না। অনেক মানুষই আমার সঙ্গে একমত হবেন। অথচ যাঁরা ফুটবল দেখেন তাঁদের এটার প্রাপ্য নয়।’আল ওয়াসলের দায়িত্ব গ্রহণের মুহূর্তে ফিফার মুণ্ডপাত করেই বেশি সময় গেছে। তবে ক্লাবটি নিয়ে নিজের লক্ষ্যের কথাও বলেছেন। দুই বছরের চুক্তি, এই সময়ে ক্লাবটিকে ভালো কিছু এনে দিতে চান। আর এ জন্য খেলোয়াড় কেনার ব্যাপারে হতে চান কঠোর। আরব আমিরাতের লিগ যে ‘বুড়ো’ তারকাদের পুনর্বাসনকেন্দ্র রূপে পরিচিত করাতে চান না ম্যারাডোনা, ‘আমি বুড়ো খেলোয়াড় চাই না। আমরা শ্বেতহস্তীর বধ্যভূমি হতে আসিনি। আমি এ রকম একটা দল চাই যারা যেকোনো ক্লাবকে হারাতে পারে।’তাই বলে ম্যানচেস্টার সিটির মতো বিশ্বের সেরা খেলোয়াড়দের পেছনেও ম্যারাডোনা ছুটবেন না, ‘আমি লিওনেল মেসি বা কার্লোস তেভেজের মতো বড় নামও চাই না। এর মানে এই নয় যে, আমি ওদের অপছন্দ করি। আমি ওদের ভালোবাসি, তবে ওরা তো আরও বড় প্রতিশ্রুতি নিয়ে আছে।’ রয়টার্স, ওয়েবসাইট।