ফিফার সভাপতি হতে ব্যাকুল নন প্লাতিনি
চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি। বয়স হয়ে গেছে ৭৭। কিন্তু সেপ ব্ল্যাটার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, এই মেয়াদের পরও তিনি সভাপতি হতে পারেন।
ফিফা সভাপতি হিসেবে ব্ল্যাটারের চলতি মেয়াদ শেষ হবে ২০১৫ সালে। এর পর উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিই ব্ল্যাটারের কাছ থেকে ব্যাটনটা নেবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু ব্ল্যাটার সম্প্রতি উপযুক্ত প্রার্থী না পেলে আরও এক দফা সভাপতি হওয়ার ইচ্ছাটা জানিয়ে রেখেছেন। সে ক্ষেত্রে প্লাতিনি কী করবেন? ফ্রেঞ্চ কিংবদন্তি এসব নিয়ে খুব একটা ভাবিত নন বলেই দাবি করেছেন, ‘এটা এমন কিছু নয় যার জন্য আমি রাতে ঘুমাতে পারি না। আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই।’ দাবি করেছেন উয়েফাতে ভালোই আছেন, ‘আমি উয়েফাতে খুশি ও নির্ভার আছি। আমি এটাকে নিজের বাসাই মনে করছি।’
প্লাতিনি কি তাহলে ফিফা সভাপতি হওয়ার দৌড়ে নাম লেখাবেন না? স্পষ্ট করে কিছু অবশ্য বলেননি তিনি, ‘আমি জানি অনেকে আমার কাছে কী চায়। আমি জানি আমার বন্ধুরা কী মনে করে, আমি জানি কিছু সাংবাদিক চায় আমি বিশেষ কিছু একটা করি। আমি তাদের বলে দিয়েছি আমি বিশ্বকাপের পরই সিদ্ধান্ত নেব।’
এসব কথা বলেছেন ক্রোয়েশিয়ার দুব্রোভনিকে এক সংবাদ সম্মেলনে। এই দুব্রোভনিকেই উয়েফার ৫৪টি দেশের প্রতিনিধিদের একটা বৈঠক হয়ে গেল। ২০২২ কাতার বিশ্বকাপকে গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে বাঁচাতে তা শীতকালে করা যায় কি না, তা নিয়েই এই বৈঠক। পরশু ফিফা সহসভাপতি জিম বয়েস বলেছিলেন উয়েফার সদস্যরা বিশ্বকাপের সময়টা জুন-জুলাই থেকে সরিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে করতে একমত হয়েছেন। প্লাতিনিও সেটা নিশ্চিত করলেন, ‘আমরা নীতিগতভাবে একমত হয়েছি। আমি মনে করি, বল এখন ফিফার কোর্টে। আমি নিশ্চিত ফিফা বাণিজ্যিক অংশীদারদেরসহ ফুটবলের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে একটা সিদ্ধান্তে আসবে।’ অক্টোবরের ফিফার কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। রয়টার্স।