ফিফার স্থায়ী কমিটিতে সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট কমিটির সদস্যপদ পেলেন কাজী সালাউদ্দিন। গত ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রোবেন দ্বীপে অনুষ্ঠিত ফিফার নির্বাহী কমিটির সভায় বাফুফে ও সাফ সভাপতিকে এই পদে মনোনীত করা হয়। ফিফার মহাসচিব জেরম ভালক কাল বাফুফে সভাপতিকে ফ্যাক্সবার্তা পাঠিয়ে ‘সুসংবাদটা’ জানিয়েছেন। এর আগে বাংলাদেশের সাবেক ফুটবলার ও মন্ত্রী, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ এএফসি সহসভাপতি থাকার সময় পদাধিকার বলে ফিফার ডিসিপ্লনারি কমিটির সদস্য ছিলেন। এএফসিতে বড় কোনো পদে থাকলে ফিফায় ঢোকাটা সহজ হয়, অথচ সালাউদ্দিন এএফসির নির্বাহী কমিটিতে নেই। এএফসির অভ্যন্তরীণ অডিট কমিটির সদস্য থেকেই এখন তিনি ফিফায়!গোটা বিশ্বের ফুটবল উন্নয়ন আর ফুটবলের টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে যে কমিটি, সেটির একজন সদস্য হয়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে বাড়তি অবদান রাখতে পারবেন বলে সালাউদ্দিনের বিশ্বাস, ‘এটা শুধু আমার নয়, বাংলাদেশের ফুটবলের জন্যই জন্যই বড় সম্মান। এ কমিটিতে থেকে বাংলাদেশের জন্য বাড়তি কিছু করার চেষ্টা করব।’ নতুন এই মিশন শুরু করবেন আগামী ৮ ফেব্রুয়ারি জুরিখে, ওই দিন ফিফার টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট কমিটির পরবর্তী সভায় যোগ দেবেন সালাউদ্দিন।এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন, ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারও তাঁকে জানেন। মূলত তাঁদের আগ্রহেই ফুটবলের সর্বোচ্চ সংস্থায় ঢুকে পড়লেন বাংলাদেশের সাবেক তারকা।