সুযোগ ছিল ফিফার সাহায্য নেওয়ার। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই পথে যায়নি! অথচ বাফুফে থেকে বলা হয়েছে, বাংলাদেশ ফিফার কাছে গিয়েছিল। ফিফাই বরং নাকচ করেছে বাংলাদেশের আবেদন। আসল ঘটনা বেরিয়ে এল কাল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে পাকিস্তানের বিপক্ষে লাহোরের ফিরতি ম্যাচটি ৩ জুলাই লাহোরে খেলার পরিবর্তে অন্য কোথাও খেলার আবেদনই করেনি বাংলাদেশ!২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলেরও ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। তাতে মারা যান ৭ জন। এর পর থেকে বাংলাদেশ-পাকিস্তান এই ফুটবল ম্যাচই পাকিস্তানে প্রথম কোনো আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট হতে যাচ্ছে।পাকিস্তানে কোনো ক্রিকেট দল খেলতে যাচ্ছে না অনেক দিন। ফুটবল দলও যায়নি। নিরাপত্তাগত কারণে পাকিস্তান এখন বিশ্বক্রীড়ায় এক ভীতিকর দেশ। এ অবস্থায় বাংলাদেশ কেন যাচ্ছে, তা প্রশ্ন বটে।ফিফা বলেছে, ‘ম্যাচটা স্থানান্তরের জন্য বাংলাদেশের কাছ থেকে কোনো আবেদন আমরা পাইনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গেও যোগাযোগ করে জানা গেছে, সেখানেও বাংলাদেশ কোনো আবেদন করেনি।’ একটি বার্তা সংস্থা চার দিন আগে জানিয়েছিল, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ম্যাচটা ঢাকায় আয়োজনের জন্য ফিফাকে আমরা অনুরোধ করেছি। কিন্তু ফিফা তাতে সাড়া দেয়নি। এ কারণে লাহোরেই খেলতে হবে।’কাল যোগাযোগ করা হলে বাফুফের সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় জানালেন, ‘আমরা জুরিখে ফিফা কংগ্রেসে যাওয়ার পর সেখানে পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হয়েছে। তাদের অনুরোধ করেছিলাম ঢাকায় দুটি ম্যাচই তারা যেন খেলে যায়। তখন তারা আমাদের সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সে কারণেই আমরা যাচ্ছি।’বাংলাদেশ-পাকিস্তান প্রথম ম্যাচ ২৯ জুন। কিন্তু ফিরতি ম্যাচটা লাহারে খেলতে যাওয়ার ব্যাপারটা ফুটবলারা কীভাবে দেখছেন?গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য যেন সবার কথারই প্রতিধ্বনি তুললেন, ‘পাকিস্তানে যেতে এখন কার মন টানবে বলুন? ওই দেশে তো কেউ যায় না। ফিরতি ম্যাচটা হয়তো ঢাকায় হলেই ভালো হতো। তবে যেহেতু আন্তর্জাতিক ম্যাচ, তাই আমাদের যেতে হবে। আমি দলে থাকলে অবশ্যই যাব এবং এ নিয়ে খুব একটা চিন্তিত নই আমি।’