ফিফায় ঘুষের কারবার!
তবে কি সর্ষের মধ্যেই ভূত! ফুটবল থেকে ম্যাচ পাতানো, দুর্নীতির শিকড় সমূলে উচ্ছেদের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ করল ফিফা। ইন্টারপোলের সঙ্গে প্রায় দুই কোটি ৮০ লাখ ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। সেই সময়ই অভিযোগ এল, কাতার ও রাশিয়াকে বিশ্বকাপ আয়োজক করতে ভোট দেওয়ার বিনিময়ে ঘুষ খেয়েছেন ফিফার নির্বাহী কমিটির সদস্যরা। কাল ব্রিটেনের সংসদীয় তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিতে এসে এই দাবি করেছেন ইংল্যান্ডের বিড কমিটি ও ইংলিশ ফুটবল সংস্থার (এফএ) সাবেক প্রধান ডেভিড ট্রাইজম্যান।২০১৮ বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ভোটে রাশিয়ার কাছে হেরে যায় ইংল্যান্ড। এর পরই ইংল্যান্ডের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ করা হয়েছিল। এখন শুরু হয়েছে ব্যর্থতার কারণ অনুসন্ধানে সংসদীয় তদন্ত। সেখানেই সাক্ষ্য দিতে এসে বিস্ফোরক তথ্য দিয়েছেন ট্রাইজম্যান। বলেছেন, নির্বাহী কমিটির চার সদস্য—জ্যাক ওয়ার্নার, রিকার্ডো টিসেরা, নিকোলাস লোয়েজ এবং ওরাউই মাকুদি ভোটের বিনিময়ে তাঁর কাছে ‘উপঢৌকন’ চেয়েছিলেন।ত্রিনিদাদ ও টোবাগোর ওয়ার্নার চেয়েছিলেন ২৫ লাখ পাউন্ড, যে টাকা তিনি ত্রিনিদাদে স্কুল প্রতিষ্ঠার কাজে ব্যয় করতেন বলে জানিয়েছিলেন। প্যারাগুয়ের লোয়েজ চেয়েছিলেন নাইটহুট উপাধি। ব্রাজিলেন টিসেরা প্রশ্ন করেছিলেন, ‘ভোট দেওয়ার বিনিময়ে আপনি কী দেবেন?’ আর থাইল্যান্ডের মাকুদি চেয়েছিলেন প্রস্তাবিত ইংল্যান্ড-থাইল্যান্ড প্রীতি ম্যাচের টিভি স্বত্ব!হাইতিতে ভূমিকম্পের পরও ওয়ার্নার ৫ লাখ পাউন্ড ‘ডোনেশন’ দাবি করেছিলেন বলে জানিয়েছেন এ বছর ফেব্রুয়ারিতে এফএ থেকে স্বেচ্ছায় সরে যাওয়া ট্রাইজম্যান। তাঁর অভিযোগের সপক্ষে তথ্য-প্রমাণাদি কমিটির কাছে হস্তান্তরও করেছেন। ফিফাকেও এসব তথ্য দেবেন বলে জানিয়েছেন।ট্রাইজম্যান অবশ্য মাঝেমধ্যেই এ ধরনের মন্তব্য করে সংবাদের শিরোনাম হন। কিন্তু এবার সরাসরি এ ধরনের অভিযোগ এনেছেন বলে তাঁর কথা গুরুত্বের সঙ্গেই নেওয়া হচ্ছে। তা ছাড়া ওয়ার্নার আর টিসেরা দুজনই ফিফার প্রভাবশালী সদস্য। টিসেরা নিজে ব্রাজিল ফুটবল সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৮৯ সাল থেকে।ট্রাইজম্যানের এই অভিযোগ আরও গুরুত্ব পাচ্ছে কাতারকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার আরেকটি অভিযোগ ওঠায়। ব্রিটিশ দৈনিক সানডে টাইমস এ সংক্রান্ত তথ্যপ্রমাণ সংসদীয় কমিটির কাছে হস্তান্তর করেছে। ওই অভিযোগে বলা হয়েছে, ২০২২ বিশ্বকাপ বিডে কাতারকে ভোট দিতে ফিফার সহসভাপতি ক্যামেরুনের ইসা আয়াতু এবং আইভরিকোস্টের জ্যাক আনুমা ১৫ লাখ ডলার করে ঘুষ নিয়েছেন। এই অভিযোগও গুরুতর। কারণ সানডে টাইমস এর আগে আরও দুই নির্বাহী কমিটির সদস্যের ঘুষ নেওয়ার খবর ছাপার পর সেই দুই সদস্য ভোট দিতে পারেননি। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।