ফিরছেন আগুয়েরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলো হরিজন্তে অনুশীলন শিবিরে সতীর্থের কাছ থেকে বল দখলের লড়াইয়ে আগুয়েরো। ছবি: রয়টার্স
বেলো হরিজন্তে অনুশীলন শিবিরে সতীর্থের কাছ থেকে বল দখলের লড়াইয়ে আগুয়েরো। ছবি: রয়টার্স

চোটের কারণে সেমিফাইনালে হল্যান্ডের বিপক্ষে খেলছেন না অ্যাঙ্গেল ডি মারিয়া—এ দুঃসংবাদের বিপরীতে একটি সুসংবাদ পেলেন আর্জেন্টিনা সমর্থকেরা। রোববার দলের চিকিত্সক জানিয়েছেন, সেরে উঠেছেন দলের আক্রমণভাগের আরেক ভরসা সার্জিও আগুয়েরো। ৯ জুলাই সাও পাওলোতে অনুষ্ঠেয় সেমিফাইনালে খেলতে প্রস্তুত ম্যানটেস্টার সিটির এই তারকা।

দলের চিকিত্সক ড্যানিয়েল মার্টিনেজ বলেন, ‘অ্যাঙ্গেলের (ডি মারিয়া) গ্রেড-১ ইনজুরি। পরের ম্যাচে খেলার কোনো সম্ভাবনা নেই। প্রতিদিন পরিস্থিতি (ডি মারিয়ার চোট) মূল্যায়ন করা হবে।’ চিকিত্সক এর পরই জানালেন আগুয়েরোর সেরে ওঠার সংবাদটি, ‘সার্জিও এরই মধ্যে তিনবার অনুশীলন করেছে। সে খেলতে প্রস্তুত।’

গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাংসপেশির চোটে পরবর্তী দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন আগুয়েরো। রোববার বেলো হরিজন্তে অনুশীলন শিবিরে অনুশীলন করতে দেখা গেছে এ ফরোয়ার্ডকে।

দলের মিডফিল্ডার হাভিয়ের মাচেরোনা ডি মারিয়ার চোটে খানিকটা উদ্বিগ্ন হলেও দলের পারফরম্যান্সে ভীষণ খুশি। সাংবাদিকদের বললেন, ‘অ্যাঙ্গেলের চোটের ঘটনা বাদ দিলে সামগ্রিক পারফরম্যান্সে পুরো দল খুব খুশি। আশা করি, দ্রুত সেরে উঠবে সে। গতকালের ম্যাচটি (বেলজিয়ামের বিপক্ষে) ছিল অসাধারণ। এখন আমাদের মনোযোগ হল্যান্ডের দিকে। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকে এখনো পর্যন্ত তারা বেশ শক্তিশালী দল। আমরাও অনেক দূরে এসেছি। আর্জেন্টাইনরা ২৪ বছর ধরে এর জন্য অপেক্ষা করেছে। তবে এখানেই থামতে চাই না। আরও দূরে যেতে হবে আমাদের।’ রয়টার্স।