ফিরছেন উইলিয়ামসরা
একসময় কোর্ট ছিল তাঁদেরই দখলে। সেরেনা উইলিয়ামস একাই জিতেছেন ১৩টি গ্র্যান্ড স্লাম শিরোপা, ভেনাস সাতটি। এর সঙ্গে দ্বৈতে দুই বোনের যৌথভাবে আছে ১২টি শিরোপা। সব মিলে ৩২টি গ্র্যান্ড স্লাম আর দুটি অলিম্পিক সোনা গেছে উইলিয়ামস পরিবারে। অবিশ্বাস্য!অবশ্য বেশ কিছুদিন হলো টেনিসে উইলিয়ামস বোনদের দাপট নেই। সত্যি বলতে কি, দুই বোনই কোর্টে অনুপস্থিত অনেক দিন ধরেই। অবশেষে দুই মার্কিন টেনিস তারকা ফিরছেন আজ। উইম্বলডন সামনে রেখে দুজনই প্রস্তুতি নিতে ফিরছেন কোর্টে। সর্বশেষ এই উইম্বলডনেই শিরোপা জিতে ৪৯ সপ্তাহ ধরে কোর্টের বাইরে সেরেনা। র্যাঙ্কিংয়ে নেমে গেছেন ২৫-এ। বড় বোন ভেনাস ৩২-এ। ভেনাসও সর্বশেষ খেলেছেন গত জানুয়ারিতে। ইস্টবোর্নের টুর্নামেন্টে খেলবেন দুজনই।ভক্তরা বঞ্চিত হয়েছেন। এত দিন কোর্টের বাইরে থাকাটা যে সেরেনার জন্যও ছিল কষ্টকর এক অনুভূতি, ‘সুস্থ হয়ে প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি খুবই খুশি। গত ১২টি মাস আমার জন্য ছিল খুবই কঠিন। এই সময়টায় সমর্থন দেওয়ার জন্য পরিবার, বন্ধু আর সমর্থকদের ধন্যবাদ জানাই।’ আর এই শুক্রবারই ৩১ পূর্ণ করতে চলা ভেনাস বলেছেন, ‘টেনিসটা ভীষণ মিস করছিলাম। এখান থেকেই তো এত কিছু পেয়েছি।’দুই বোনেরই আরও ভালো লাগার কথা উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে ফিরে আসায়। সেরেনা তো এখানকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর ভেনাসও সাতটি একক গ্র্যান্ড স্লামের পাঁচটিই জিতেছেন এখানে। তবে এত দিন কোর্টের বাইরে থাকার পরও যে তাঁরা উইম্বলডনের ফেবারিট, সেটাই প্রমাণের ভালো সুযোগ এনে দিচ্ছে ইস্টবোর্ন। এএফপি।