ফিরছেন এনামুল-শাহরিয়ার আসছেন রাজ্জাক-শামসুর
হারারেতে বাংলাদেশ দলের খেলোয়াড়সংখ্যা এখন ১৬। দ্বিতীয় টেস্টের ১১ জন ছাড়াও বাইরে বসে আছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ, শাহরিয়ার নাফীস, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও এনামুল হক জুনিয়র। এর মধ্যে এনামুল ও শাহরিয়ারের দেশে ফিরে যাওয়ার কথা আগামীকাল। আর ওয়ানডে দলে যোগ দিতে ঢাকা থেকে আজই হারারের উদ্দেশে রওনা দেবেন আবদুর রাজ্জাক ও শামসুর রহমান।দুজন গিয়ে দুজন আসা মানে দলের খেলোয়াড় থাকছেন ১৬ জনই। তবে ম্যানেজার তানজীব আহসান জানালেন, ওয়ানডে সিরিজ শুরুর আগে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে যাবেন আরও একজন। ‘দ্বিতীয় টেস্টের শেষ দিকে ঠিক হবে ওয়ানডে সিরিজের আগে আর কে দেশে ফিরবে। এটা কিছুটা এই টেস্টের পারফরম্যান্সের ওপরও নির্ভর করছে’—বলেছেন তানজীব আহসান।২৯ এপ্রিল টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আগামী ১ মে বাংলাদেশ দলের বুলাওয়েতে যাওয়ার কথা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ মে থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১১ ও ১২ মে একই মাঠে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচও।