ফিরছেন তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও লড়াই ছিল ইনজুরির সঙ্গে, কারও নিজের সঙ্গে। সেই লড়াইয়ে জিতে গিয়ে তাঁদের তিনজনেরই ফেরার উপলক্ষ হয়ে এল জিম্বাবুয়ের বিপক্ষে আজকের প্রথম ওয়ানডে। কিন্তু এই ফেরা কি নতুন চ্যালেঞ্জের সামনেও দাঁড় করিয়ে দিচ্ছে না মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল আর তামিম ইকবালকে?নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতেই অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন মাশরাফি। হাতের পুরোনো চোটে অস্ত্রোপচার করিয়ে তামিম তো ওই সিরিজে দলেই ছিলেন না! আর আশরাফুল দলের বাইরে থাকলেন বাজে ফর্মের অভিশাপে। তিনজনই যখন আবার ফিরলেন, অভিন্ন লক্ষ্য সবার সামনে—বিশ্বকাপ খেলার স্বপ্নটাকে করতে হবে আরও জীবন্ত। অবশ্য তামিমের জন্য এটা ফেরা হলেও তাঁকে এই সমীকরণের বাইরে রাখাই ভালো। অতি দুর্ভাগা হয়ে আবার কোনো ইনজুরিতে না পড়লে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় কোথায়?ফেরার তাড়নায় প্রাণান্ত পরিশ্রম করেছেন মাশরাফি, যার সুফল আত্মবিশ্বাসী হয়ে দলে ফেরা। কাল অনুশীলন শেষে সেই আত্মবিশ্বাস ধরা পড়ল মাশরাফির কণ্ঠে, ‘আমি আত্মবিশ্বাসী। অনুশীলনে বোলিং খারাপ হচ্ছে না। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি। সুযোগ পেলে শতভাগ চেষ্টা করব ভালো খেলার। মাঠে নামছি মানে আমি অবশ্যই ফিট। সামনে বিশ্বকাপ, আমাকে এখন পারফর্ম করতে হবে।’মাশরাফির মতো তামিম ইকবালও চাইছেন ফেরাটা ফেরার মতো হোক। সব সিরিজেই যে লক্ষ্য নিয়ে খেলেন, এবারও সেটাই আছে—সর্বোচ্চ রান করতে হবে। তবে দীর্ঘ বিরতির পর ফেরা বলে প্রথম ম্যাচে একটু যেন সতর্ক বাংলাদেশের বাঁহাতি ওপেনার, ‘ইনজুরির পর প্রথম ম্যাচ খেলব। যতক্ষণ পারি ব্যাটিং করার চেষ্টা করব। ৩০-৪০টা বল ব্যাটিং করতে পারলে আমি নিশ্চিত, জড়তাটা কেটে যাবে।’তামিমের ফেরার উপলক্ষটা রাঙিয়ে দিতেই কিনা কাল অনুশীলন শেষে ছোটখাটো একটা ‘অনুষ্ঠান’ হয়ে গেল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাংলাদেশ ড্রেসিংরুমের সামনে। উইজডেন ক্রিকেটার ম্যাগাজিন-এর চোখে ২০০৯-১০ মৌসুমের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার তামিমের হাতে এই সম্মাননার স্বীকৃতি হিসেবে ফ্রেমে বাঁধাই করা সনদ তুলে দিলেন গতবার একই সম্মাননা পাওয়া সাকিব আল হাসান। মাঠে ফেরার ঠিক আগের দিন স্বীকৃতি হাতে পাওয়ায় তামিম এতটাই খুশি হলেন, এই সিরিজেই তার প্রতিফলন দেখাতে চাইলেন, ‘এটা আমার জীবনে খুবই গর্বের মুহূর্ত। সাফল্যের পুরস্কার পেয়ে আমি খুব খুশি। নিজের প্রতি নিজের প্রত্যাশা বেড়ে গেছে এখন। কালকের (আজ) ম্যাচের জন্য আমার আত্মবিশ্বাস আগে থেকেই ছিল। এখন বলতে পারেন সেটা পাঁচ ভাগ বেড়ে গেছে।’হাতে অস্ত্রোপচার করানোয় আন্তর্জাতিক ম্যাচে তো নয়ই, গত জুলাইয়ে যুক্তরাজ্য সফরের পর সম্প্রতি শেষ হওয়া জাতীয় লিগের ওয়ানডে টুর্নামেন্টেও খেলা হয়নি। তবে তামিম এটাকে বড় কোনো সমস্যা মনে করছেন না, ‘চট্টগ্রাম দ্বিতীয় রাউন্ডে না ওঠায় জাতীয় লিগে খেলা হয়নি। তার পরও গত এক মাস অনুশীলনে অনেক ব্যাটিং করেছি। আমি খুবই আত্মবিশ্বাসী, ম্যাচে না থাকাটা সমস্যা হবে না।’তামিমের ঠিক উল্টো ব্যাপার আশরাফুলের। জাতীয় লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান করে বাজে ফর্মটাকে আপাতত কবর দিয়েছেন। তবে দলে ফেরার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা সম্ভবত আশরাফুলের সামনেই। ব্যাট করবেন চার নম্বরে, বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা দূর করার দায়িত্বই যে পড়ল তাঁর কাঁধে! আশরাফুল অবশ্য চাপটা নিচ্ছেন না, ‘জাতীয় লিগে যেভাবে ব্যাট করে রান করেছি, সেভাবেই খেলব। পরিস্থিতি অনুযায়ী নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে মনে হয় না কোনো সমস্যা হবে।’চার নম্বরে রকিবুল হাসান নির্ভরতা দেখাতে পারছিলেন না বলেই ডাক পড়ল আশরাফুলের। তবে প্রথম তিন ম্যাচের মধ্যে সুযোগের সদ্ব্যবহার করতে না পারলে বিশ্বকাপের আগে আবারও হতাশায় ডুবতে হবে তাঁকে। কাল একাদশ ঘোষণার পর টিম ম্যানেজমেন্ট থেকে নাকি আশরাফুলকে বলে দেওয়া হয়েছে, প্রথম তিন ম্যাচে ভালো কিছু করে দেখাতে না পারলে পরের দুই ম্যাচে সুযোগ মিলবে না।বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ কি তাহলে অগ্নিপরীক্ষাই হয়ে দাঁড়াল আশরাফুলের জন্য? তিনি নিজে অবশ্য তেমন মনে করছেন না, ‘বিশ্বকাপকে সামনে রেখে ভালো খেলার চাপ থাকলেও সুযোগ সামনেও আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। আমার এখন দরকার বড় একটা ইনিংস। তারপর সব চাপ এমনিতেই চলে যাবে।’মাশরাফি, আশরাফুল, তামিমের নতুন চ্যালেঞ্জ জয়ের আশাতেই আছে বাংলাদেশ।