ফিরছেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় তো ছিলই। পরশু বার্সেলোনা সমর্থকেরা পেয়েছে আরও একটি সুখবর। ক্যানসারের চিকিৎসা শেষে এই মাসেই ফিরে আসছেন টিটো ভিলানোভা। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পরামর্শক, সাবেক কোচ কারলেস রেজাক দিয়েছেন এ খবর। কাতালানের আঞ্চলিক টেলিভিশন স্টেশন টিভি-৩-এর এক অনুষ্ঠানে ভিলানোভার ফিরে আসার দিনক্ষণও বলে দিয়েছেন বার্সেলোনার সাবেক এই কোচ, ‘সে হয়তো ২৫ মার্চ এখানে থাকবে।’ভিলানোভার ফেরার সংবাদটি সত্যিকার অর্থেই বার্সা শিবিরে ছিটিয়ে দিচ্ছে অন্য রকম এক স্বস্তির বার্তা। লালাগ্রন্থির ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন ভিলানোভা। গত ২০ ডিসেম্বর অস্ত্রোপচার করিয়ে জানুয়ারিতে সাময়িকভাবে মাঠেও ফিরেছিলেন। এখন রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিচ্ছেন নিউইয়র্কে। কিন্তু কোচের অনুপস্থিতি বার্সেলোনা টের পাচ্ছে ভালোই। সহকারী কোচ জর্ডি রৌরা যেন উত্তাল সাগরে তরী বাইছেন।ডাগ-আউট থেকে সঠিক দিকনির্দেশনাটা মেসি-জাভিরা পাচ্ছেন না। পরশু মিলানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য সেই পুরোনো বার্সেলোনাকেই দেখা গেছে। কিন্তু অনেকেই বলবেন, এটা মেসি-জাভি-ইনিয়েস্তাদের মতো তারকাদের নিজ গুণে একসঙ্গে জ্বলে ওঠারই ফসল! কোচের অভাবটা তারা টের পাচ্ছে ঠিকই। কিছুদিন ধরে বার্সেলোনার মাঠের পারফরম্যান্সেও ফুটে উঠছে কোচের শূন্যতা। ঠিক যেন কান্ডারি-বিহীন দিগ্ভ্রান্ত এক জাহাজ। ভিলানোভার ফেরার সংবাদটি তাই বার্সা শিবিরে আনন্দবার্তাই। এএফপি।