ফিরছেন ভিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে জাপানে বিশ্ব ক্লাব কাপের ফাইনাল খেলতে গিয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন স্ট্রেচারে। সেই থেকেই মাঠের বাইরে। এরপর ডেভিড ভিয়ার অভাবটা ভালোই টের পেয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা চতুর্থ শিরোপা জেতা হয়নি বার্সেলোনার। ইউরোজয়ী স্পেন দলেও চোটের কারণে ঠাঁই মেলেনি। এবার নতুন মৌসুম শুরুর আগে মাঠে নামতে উদগ্রীব হয়ে আছেন ডেভিড ভিয়া। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য দলের সঙ্গে যোগ দিতে তর সইছে না তাঁর, ‘আমি চাই এই গ্রীষ্মেই আমার ছুটিটা শেষ হোক, কাজও শুরু করতে চাই আবার। গ্রীষ্মটাই আমি সবচেয়ে কম উপভোগ করেছি। বার্সেলোনার চিকিৎসকদের কাছে চেকআপ করিয়েছি, আমি সতীর্থদের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে মরিয়া। আর একা একা অনুশীলন নয়।’ফিট থাকলে হতে পারতেন ইউরোজয়ী স্পেন দলের অংশ। ইউরো-বিশ্বকাপ-ইউরো—বিখ্যাত এই ত্রয়ী শিরোপাজয়ী দলে নাম লিখিয়ে ইতিহাসেরও অংশ হতে পারতেন। কিন্তু জাপানের এক অভিশপ্ত বিকেল তাঁকে এই সুযোগ থেকে করেছে বঞ্চিত। মনের মধ্যে চিরদিন অতৃপ্তি থেকেই যাবে। তবে ইউরোজয়ী সতীর্থদের জন্যও গর্ববোধ করেন স্প্যানিশ স্ট্রাইকার, ‘এই দল নিয়ে আমরা গর্বিত। টানা তিনটি বড় ট্রফি তো একমাত্র তারাই জিতেছে। খেলাটা ভালো-খারাপ যেতেই পারে। কিন্তু এই দলটা লড়াই থেকে কখনো পিছু হটে না। তিনটি বড় শিরোপা জয়ের সামর্থ্য একমাত্র তাদেরই আছে।’ ১৮ আগস্ট ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে আসন্ন লা লিগার প্রথম ম্যাচ খেলবে বার্সা। ভিয়ার চোখ এখন নিশ্চিতভাবেই ওই ম্যাচের দিকে। ওয়েবসাইট।