ফিরছেন ভেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগেই অবসর নিয়ে ফেলেছিলেন। তবে হুয়ান সেবাস্তিয়ান ভেরন ফুটবল ছেড়ে থাকতে পারলেন না। অবসর ভেঙে আবার ফিরে আসছেন মাঠে। আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের সঙ্গে এক বছরের জন্য নতুন চুক্তি করেছেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার। সমসাময়িক ফুটবলারদের প্রায় সবাই বুটজোড়া তুলে রেখেছেন। ভেরন নিজেও পিঠ আর গোড়ালির চোটের কারণে এক বছর আগে বিদায় বলে দিয়েছিলেন ফুটবলকে। কিন্তু মায়াটা কাটাতে পারলেন কই সাবেক আর্জেন্টাইন অধিনায়ক? এই মুহূর্তে অবশ্য এস্তুদিয়ান্তেসের টেকনিক্যাল সেক্রেটারি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি মিডফিল্ডার। গত বছর ছিলেন ক্রীড়া পরিচালক। তবে রেডিও দেল প্লাতাকে নিজেই জানিয়েছেন আবার মাঠে নামছেন, ‘আমার মনে হয় না লিবার্তাদোরেস কাপ (২০০৯ সালে) জেতার মতো ফর্মে আছি। কিন্তু আমার মধ্যে তাড়নাটা এখন অনেক বেশি। কারণ আমি ফুটবল খেলতে ভালোবাসি।’ রয়টার্স।