ফিরছেন মার্টিনা হিঙ্গিস
ছয় বছরের অবসর ভেঙে কোর্টে ফিরছেন মার্টিনা হিঙ্গিস। ২৭ জুলাই ক্যালিফোর্নিয়ায় শুরু ডব্লুটিএ টুর্নামেন্টের দ্বৈতে অংশ নেওয়ার কথা জানিয়ে পরশু টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন ৩২ বছর বয়সী হিঙ্গিস। ‘আমি মুখিয়ে আছি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনে খেলে পেশাদার টেনিসে ফেরার জন্য। প্রতিদ্বন্দ্বিতার আগুনটা এখনো ভালোই আছে আমার মধ্যে এবং আমি কোর্টে ফিরতে আগ্রহী’—ডব্লুটিএর ওয়েবসাইটে প্রত্যাবর্তনের বিবৃতি মহিলা টেনিসের সাবেক ১ নম্বরের। রয়টার্স, এএফপি।পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ী সুইস হিঙ্গিসের এটা হবে দ্বিতীয় দফায় প্রত্যাবর্তন। অ্যাঙ্কেল টানা চোটের কারণে ২০০৩ সালে মাত্র ২২ বছর বয়সে অবসর নিয়েছিলেন। টেনিসের টানে অবশ্য ফিরে এসেছিলেন তিন বছর পরই। কিন্তু ২০০৭ সালে ড্রাগ নেওয়ার অভিযোগ উঠলে আবার অবসরের ঘোষণা দেন। হিঙ্গিস নিজেকে নির্দোষ দাবি করলেও আন্তর্জাতিক টেনিস ফেডারেশন তাঁকে দুই বছর নিষিদ্ধ করে। হিঙ্গিসের ফেরার এই ঘোষণা এল টেনিসের হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই। অবশ্য ফেরার জন্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনকে হিঙ্গিসের জন্য আদর্শ টুর্নামেন্টই বলতে হবে। কারণটা হিঙ্গিসের মুখেই শুনুন, ‘মনে আছে, আমি ১৯৯৭ সালে এখানে একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। ১৯৯৯ সালেও জিতেছিলাম এককের শিরোপা।’