ফিরছেন লারা!
এই বয়সেও শচীন টেন্ডুলকারের মন মাতানো ব্যাটিংই কি তাহলে নাড়িয়ে দিল ব্রায়ান লারাকে? ২০০৭ বিশ্বকাপের পর বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন না সেটাও হয়ে গেল বছর দুয়েকের বেশি। দিন পনেরো পরে পূর্ণ করতে যাচ্ছেন ৪১। তবে আবারও ব্যাট হাতে দেখা যেতে পারে রেকর্ডের বরপুত্রকে। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য নয়, কাউন্টি দল সারের হয়ে আগামী টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে।কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে, সারের পক্ষ থেকে কেবল প্রস্তাবটা দেওয়া হয়েছে। প্রস্তাব দিয়েই অবশ্য বসে নেই সারে কর্তৃপক্ষ, লারাকে নানাভাবে রাজি করানোর চেষ্টাও করা হচ্ছে। বিবিসির ওয়েবসাইটে সারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ক্লাবে লারার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে আমরা আলোচনা করছি। তবে এই মুহূর্তে এ ব্যাপারে আমাদের আর কোনো মন্তব্য নেই।’ বিতর্কিত অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে আগামী মৌসুমের জন্য নিশ্চিত করেছে সারে, তার পরও লারার ব্যাপারে তারা ভীষণ আগ্রহী।৩৪ সেঞ্চুরিতে ৫২.৮৮ গড়ে করা লারার ১১৯৫৩ রান টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্টে ৪০০ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ ছোঁয়া একমাত্র ব্যক্তি তিনি, টেস্টে করেছেন দুটি ট্রিপল সেঞ্চুরি। ১৯৯৪ সালে দুই মাসের মধ্যে ভেঙেছিলেন টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। ২৯৯ ওয়ানডেতে গড় চল্লিশের ওপর। টি-টোয়েন্টিটা অবশ্য খুব একটা উপভোগ করতে পারেননি ‘ত্রিনিদাদের রাজপুত্র।’ ২০০৭ সালে বিতর্কিত ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) মুম্বাই চ্যাম্পসের হয়ে ৫ ম্যাচ খেলে করতে পেরেছিলেন মাত্র ৩১ রান। এই অপূর্ণতাই ফেরায় উদ্বুদ্ধ করতে পারে লারাকে, চ্যালেঞ্জ নিতে কখনোই যে ভয় পাননি তিনি! ওয়েবসাইট।