ফিরছেন শারাপোভা
তিনি ফিরছেন, কিন্তু ফেরার আগেই তৈরি হয়েছে বিতর্ক। মারিয়া শারাপোভার সেসব নিয়ে ভাবতে বয়েই গেছে! রুশ টেনিস তারকা অপেক্ষায় আছেন ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার কোর্টে ফেরার। কালই তিনি নেমে পড়ছেন জার্মানির স্টুটগার্ট ওপেনে। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ইতালির রবার্তা ভিঞ্চি।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় ডোপ টেস্ট হয়েছিল শারাপোভার। তাঁর শরীরে নিষিদ্ধ মেলডোনিয়াম পাওয়া যায়। ওই অপরাধে প্রথমে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)। আপিল করলে শাস্তিটা নেমে আসে ১৫ মাসে। সেই নিষেধাজ্ঞা শেষ করেই আবার কোর্টে ফিরছেন মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর। স্টুটগার্ট ওপেনে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন শারাপোভা। তাঁর ফেরা নিয়ে বিতর্ক এ কারণেই। ক্যারোলিন ওজনিয়াকি, আগ্নিয়েস্কা রাদভানস্কা ও অ্যাঞ্জেলিক কারবাররা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এটা আইনগতভাবে বৈধ, তবে নৈতিকভাবে নয়।
শারাপোভা অবশ্য এসব সমালোচনা পাত্তা দিচ্ছেন না, ‘কে কী বলল, আমি ওসব নিয়ে ভাবছি না। আমি তো শাস্তি ভোগ করেছি। তাহলে সমালোচনা কেন? আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মাধ্যমে আমার বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে। তাই আমি বলব, আপনারা থামুন।’
কোর্টেও সমালোচকদের জবাব দিতে চান রুশ টেনিস তারকা, ‘আমি জানি, কোর্টে সবাই আমাকে এখনো শ্রদ্ধা করে। দেখি আমার বিপক্ষে প্রতিপক্ষরা কীভাবে খেলে।’ এএফপি।