ফিরছেন সেই রাইডার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা করা হবে আজ। ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে সেই দলে থাকতে পারেন জেসি রাউডারও। লাইভস্পোর্টস রেডিওকে রাইডার বলেছেন, ওয়ানডে দলে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

২০১২ সালের ফেব্রুয়ারির পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে নিউজিল্যান্ডের বিতর্কিত ওপেনার। এরপর ঘটে গেছে অনেক কিছুই। গত মার্চে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যুর দুয়ার দেখে এসেছেন। ডোপের কারণে নিষিদ্ধ ছিলেন ছয় মাস। ‘ব্যাডবয়’ নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন গত অক্টোবরে।

আবার দলে ফেরার স্বপ্নের কথা জানিয়ে তখনই লক্ষ্য স্থির করেন—ব্যাট হাতে ভালো করে নির্বাচকদের দৃষ্টি কাড়বেন। প্রাথমিক লক্ষ্যটা পূরণ করেছেন ভালোমতোই। ওটাগোর হয়ে প্লাঙ্কেট শিল্ডের চার ম্যাচের সাত ইনিংসে করেছেন ৬৪.৮৫ গড়ে ৪৫৪ রান। দুটি সেঞ্চুরি, দুটি হাফ সেঞ্চুরি। সম্প্রতি জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন। কোচ মাইক হেসন এবং নির্বাচক ব্রুস এডগারের সঙ্গে কথাও হয়েছে।

রাইডার তাই আশাবাদী, ‘আমি সম্ভাব্য সেরা ফর্মে আছি, যা দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ ওয়েবসাইট।