ফিরছেন স্মিথ-স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা নিজেদের মাটিতে। ফিরতি সিরিজ আরব আমিরাতে, প্রতিপক্ষের চেয়ে কন্ডিশন যেখানে আরও বড় চ্যালেঞ্জ। তবে প্রোটিয়ারাও যাচ্ছে আটঘাট বেঁধেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ ও বোলিং আক্রমণের নেতা ডেল স্টেইন। ফিরেছেন জেপি ডুমিনিও। আর জন্মভূমির বিপক্ষে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় ইমরান তাহির। সব মিলিয়ে পূর্ণ শক্তির দলই পাচ্ছে টেস্টে দক্ষিণ আফ্রিকা। ১৪ অক্টোবর আবুধাবি টেস্ট দিয়ে শুরু হচ্ছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ও ৪ নম্বর দলের লড়াই। দুই টেস্টের পর আছে পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির সিরিজ।
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারা স্মিথ ফিরেছেন ওয়ানডে দলেও। গত মে মাসে সারের হয়ে কাউন্টিতে খেলার সময় অ্যাঙ্কেলের পুরোনো চোট আবার মাথাচাড়া দিয়ে উঠে ছিটকে দেয় স্মিথকে। স্টেইন ছিটকে গিয়েছিলেন জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে এক ম্যাচ খেলেই। পাঁচ-পাঁচটি ছোটখাটো চোট ছিল বিশ্বসেরা ফাস্ট বোলারের। ওই সময়টা নিয়ে স্টেইন বললেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর সবাই মনে রেখেছে যে আমি ওখানে খুব বেশি খেলিনি। কিন্তু পাঁচটি চোট নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল আমাকে। সাইড স্ট্রেইন ছিল, সমস্যা ছিল কুঁচকি, ঘাড়, নিতম্বের পেশি ও অ্যাঙ্কেলে। ডাক্তারের পরামর্শে চার সপ্তাহ আমি একদম কিছুই করিনি। পরের চার সপ্তাহ অনেক খেটেছি।’
মরু-ঝড় তোলার আগেই অবশ্য মাঠে ফিরবেন স্টেইন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে। ওয়েবসাইট।
টেস্ট স্কোয়াড: স্মিথ (অধিনায়ক), আমলা, ডি ভিলিয়ার্স, ডুমিনি, ডু প্লেসিস, এলগার, তাহির, ক্যালিস, ক্লেইনভেল্ট, মরনে মরকেল, পিটারসেন, পিটারসন, ফিল্যান্ডার, স্টেইন, সোলেকিলে।
ওয়ানডে স্কোয়াড: ডি ভিলিয়ার্স (অধিনায়ক), আমলা, ডি কক, ডুমিনি, ডু প্লেসিস, তাহির, ক্লেইনভেল্ট, মিলার, মরনে মরকেল, পারনেল, পিটারসন, ফিল্যান্ডার, স্মিথ, স্টেইন, সতসোবে।