ফিরছেন 'নিষিদ্ধ' মোদি
এন শ্রীনিবাসনকে নিয়ে যখন বিতর্কের ঝড়, দৃশ্যপটে ফিরলেন ভারতীয় ক্রিকেটের আরেক ‘খলনায়ক’ ও শ্রীনিবাসনের প্রতিপক্ষ ললিত মোদি। গতকালই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সভাপতি পদে মোদিকে জয়ী ঘোষণা করেছেন কোর্টের নিয়োগ করা পর্যবেক্ষক। তবে এর কিছুক্ষণ পরই ‘নিষিদ্ধ ব্যক্তি’কে সভাপতি করায় আরসিএকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। তবে রাজস্থানের ক্রিকেটারদের ওপর এটার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল।
বিসিসিআইয়ের শৃঙ্খলা কমিটির তদন্তে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের আটটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় বহিষ্কার করা হয় মোদিকে। গত ২৫ সেপ্টেম্বর বিসিসিআইয়ের সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। তবু আরসিএর নির্বাচনে অংশ নেন মোদি। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এন এম কাসলিওয়ালের পর্যবেক্ষণে গত জানুয়ারিতে হয় এই নির্বাচন। আইনি জটিলতায় ফল ঘোষণা হয় দেরিতে। মোদির অংশ নেওয়ার বিরুদ্ধে আদালতে আবেদন জানায় বিসিসিআই। কিন্তু সেই আবেদনকে আমলে না নিয়ে আদালত ৬ মে ফল ঘোষণার দিন ধার্য করেন। ৩৩ ভোটের ২৪টি পেয়ে কাল নির্বাচিত হন মোদি, প্রতিপক্ষ রামপাল শর্মা পেয়েছেন ৫ ভোট।
নির্বাচিত হয়ে দারুণ উৎফুল্ল মোদি, ‘বিসিসিআইয়ের নিষেধাজ্ঞা আমাকে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলেছিল। ঠিক করেছিলাম নিজেকে প্রমাণ করেই ছাড়ব। দেখিয়ে দিতে চেয়েছিলাম যে নিষিদ্ধ করলেই আমাকে দূরে রাখা যাবে না।’ ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক আইপিএল প্রধান এই ইঙ্গিতও দিয়েছেন, এই নির্বাচনে জয়ী হওয়া তাঁর বিসিসিআইয়ে ফেরার প্রথম পদক্ষেপ। ওয়েবসাইট।
আইপিএল ফিক্সিং বিতর্কে জেরবার শ্রীনিবাসন পক্ষের জন্য নতুন ‘যন্ত্রণা’ হয়ে উঠতে পারে মোদির পুনরুত্থান। এরই মধ্যে ক্রিকেট অ্যাসোসিশেন অব বিহারের (সিএবি) পাশে থাকার ঘোষণা দিয়েছেন মোদি। আইপিএল কেলেঙ্কারিতে বিসিসিআইকে এই সিএবি-ই নিয়ে গেছে সুপ্রিম কোর্টে।