ফিরতে চান রিকেলমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিমান করে অবসর, আবারও ফেরা। হুয়ান রোমান রিকেলমের জন্য নতুন কিছু নয়। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে বনিবনা না হওয়ায় তখন জাতীয় দলে ফেরেননি। ফেরা হয়নি সার্জিও বাতিস্তার সময়ও। এখন যখন আবার জাতীয় দলে পরিবর্তনের বাতাস, রিকেলমে সে সময় জানাচ্ছেন, তিনি ফিরতে প্রস্তুত। ‘বাছাইপর্বের জন্য দল যদি আমাকে চায়, আমি অবশ্যই ফিরব’—বলেছেন এই ৩৩ বছর বয়সী।২০০৮ সালে সর্বশেষ আর্জেন্টিনা দলের হয়ে খেলছেন। কিছুদিন ধরে লড়ছেন ইনজুরির সঙ্গে। এর মধ্যে অস্ত্রোপচারও করাতে হয়েছে। বয়সটাও কম হলো না। আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ। রিকেলমেও সেটা বোঝেন বলেই হয়তো আপাতত শুধু বাছাইপর্বের কথা বলছেন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী অক্টোবরে। এবারের কোপা আমেরিকা ইঙ্গিত দিয়েছে, বাছাইপর্বে লড়াই হবে জমজমাট। মাঝমাঠে লিওনেল মেসির যোগ্য সঙ্গী খুঁজতে খুঁজতে হন্যে হয়ে পড়া আর্জেন্টিনা কি ফেরাবে তাঁকে?২০০৭ কোপা আমেরিকা আর ২০০৮ অলিম্পিকে দারুণ জুটি জমেছিল রিকেলমে-মেসির। সেদিক দিয়ে তাকালে রিকেলমেকে ফেরাতেই পারে আর্জেন্টিনা। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বোকা জুনিয়র্স তারকার ফেরার সম্ভাবনা নেই।রিকেলমেও সেই বাস্তবতা জানেন, ‘জাতীয় দলের হয়তো আমাকে দরকার না-ও হতে পারে। কারণ দারুণ কিছু খেলোয়াড় উঠে এসেছে।’ জাতীয় দল থেকে দূরে থাকলেও আর্জেন্টিনার কথা সব সময়ই ভাবেন। ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রিকেলমে মনে করেন, ঘন ঘন কোচ পাল্টানো ইতিবাচক কিছু নয়। তাঁর কথায়, ‘প্রতি রাতেই কোচ পাল্টানো ভালো কথা নয়। নয় মাসের মধ্যেই আমরা আবার কোচ পাল্টালাম। আশা করি, নতুন যাঁকে আনা হবে, দল গঠনের জন্য লম্বা সময়ই দেওয়া হবে তাঁকে।’ ওয়েবসাইট।