ফিরতেও পারেন কেপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ চার ও ৩ ছয়ে ১৬ বলে ৩৬। বৃষ্টিতে ৫ ওভারে নেমে আসা ম্যাচে দলকে জিতিয়ে পরশু কেভিন পিটারসেন মাঠ ছাড়লেন অপরাজিত থেকে। সাদা বল আর রঙিন পোশাকেরই ম্যাচ। ইংল্যান্ডের নয়, পোশাকটা সারের। আগের দিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড। ইংল্যান্ডেরই জয়ের নায়ক তিনিও হতে পারতেন! কিন্তু বাস্তবতা হলো, ‘ব্যস্ত সূচি’তে বিরক্ত হয়ে ইংল্যান্ডের রঙিন পোশাক ছেড়েছেন সাবেক অধিনায়ক।কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ, দলের এমন জয় কি একটুও দোলা দেয়নি পিটারসেনকে? ক্ষণিকের জন্য হলেও একবারও কি মনে উঁকি দেয়নি, আমিও থাকতে পারতাম এই দলে! ডেইলি মেইলকে পিটারসেন প্রথমে বললেন, মিস করেননি একটুও। তবে পরক্ষণেই যেন আবার একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। শুধু তা-ই নয়, ওয়ানডেতে আবার ফেরার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারলেন না।‘আমার স্ত্রী, মা-বাবা, শাশুড়ি, ভাই, কাছের বন্ধুরা বারবারই বলছে “তোমার কি মনে হচ্ছে না যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে পারতাম!” আমি ওদের বলেছি, মোটেও মিস করছি না। তবে গত সাত বছর টানা ক্রিকেট খেলেছি। কে জানে, হয়তো আমার প্রয়োজন ছিল শুধু একটা বিরতি!’এই কথাতেই কিছুটা পরিষ্কার, মনোভাব কিছুটা হলেও বদলেছে পিটারসেনের। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান অবসর ভেঙে ফেরার প্রশ্নেও ইতিবাচক, তবে একটা শর্তে, ‘আমি কখনোই না বলব না। তবে ইংল্যান্ডের সূচিতে পরিবর্তন আনতে হবে, অনেক পরিবর্তন। তবেই শুধু আমি ফিরতে পারি। দেখা যাক...।’টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, কিন্তু টি-টোয়েন্টিও ছাড়তে হয়েছে বোর্ডের চুক্তির নীতির কারণে। তবে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা কিন্তু এখনো বিশ্বকাপটা খেলার আশা ছাড়েননি, ‘এখনো আশায় আছি, শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার একটা পথ বের হবে। স্কোয়াড ঘোষণা হয়নি এখনো। শিরোপা ধরে রাখার মিশনের অংশ হতে আমার দারুণ লাগবে। হলে দারুণ, তবে এমন নয় যে আমি দম বন্ধ করে প্রতীক্ষায় আছি।’ এএফপি।