আন্তবিভাগীয় মহিলা ভলিবলের গ্রুপ পর্বে হেরে মুখ গোমড়া করে বসে ছিলেন সোহেলী, মুক্তা, লাবণীরা। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তাঁদের পাশেই বসা কোচ এস এম রেজাউল করিম। খুলনা জেলা দলের কোচের মুখটাও বিষণ্ন। তিনি হয়তো ডুবে গেছেন তখন অতীতের স্মৃতিতে। ভলিবলে খুলনার মেয়েদের সেই সোনালি দিন কোথায় হারিয়ে গেল! যারা আগে শিরোপা ছাড়া কিছু চিনত না, তারা এখন গ্রুপ পর্বে হারে। শুরু হয়েছে রাজশাহী, রাজবাড়ী ও পাবনার আধিপত্য।ভলিবলে খুলনার মেয়েদের দাপট শুরু ১৯৭৮ সালে প্রথম বাংলাদেশ গেমস দিয়ে। এরপর ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় মহিলা ভলিবলে টানা চ্যাম্পিয়ন খুলনা। অবাক করার মতো তথ্যই বটে, খুলনায় মেয়েদের ভলিবল এমন তুঙ্গস্পর্শী উচ্চতায় যাওয়ার মূলে একটি পরিবার। খান পরিবার। এই অভিজাত পরিবারের বড় কর্তা আইচ আলী খান ছিলেন ক্রীড়াপ্রেমী। নিজে ভলিবল খেলতেন। খেলতেন স্ত্রী হোসনে আরাও। সংগঠক হিসেবে পরে ব্যস্ত হয়ে পড়েন হোসনে আরা, ২০০১ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। এই পরিবারের তিন মেয়ে ইভা, নিভা, নিপা ছিলেন খুলনার ভলিবলের তিনটি স্তম্ভ। অন্য খেলোয়াড়দের চেয়ে তুলনামূলক লম্বা ছিলেন তাঁরা। বাড়ির উঠোনে ভলিবল কোর্ট বানিয়ে চলত তাঁদের অনুশীলন। সেই স্মৃতি রোমন্থন করছিলেন কোচ রেজাউল, ‘ওটা ছিল খুলনার ভলিবলের সোনালি সময়। বলতে গেলে, খান পরিবারই বাংলাদেশে মেয়েদের ভলিবলকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ওরা খেলাধুলা ছাড়ার পর খুলনার ভলিবলও যেন হারিয়ে গেছে।’ ঐতিহ্যবাহী এই পরিবারের সবাই এখন যুক্তরাষ্ট্রপ্রবাসী।কিন্তু ভলিবলে খুলনার মেয়েরা কেন আর ঘুরে দাঁড়াতে পারছেন না? খুলনার সাবেক ভলিবল খেলোয়াড় ও বর্তমানে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ শামীম আল মামুনের পর্যবেক্ষণ, ‘প্রথমত, খুলনার ক্রীড়া সংগঠকদের মধ্যে ভলিবল নিয়ে আগ্রহ কমে এসেছে। ভলিবলে কোনো পৃষ্ঠপোষকতা নেই। তা ছাড়া ভলিবলে উচ্চতাও একটা বড় বিষয়। লম্বা মেয়েই যে এখন আসছে না।’আন্তবিভাগীয় ভলিবলে খুলনার মেয়েদের কোর্টের পারফরম্যান্সই বলেছে কথাগুলো কতখানি সত্যি। সার্ভিস ঠিকমতো হচ্ছিল না। রিসিভিংও দুর্বল। লিফটিং, স্ম্যাশিং, ব্লকিং—কিছুই ভালো নয়। অনুশীলনের অভাবটা বোঝা যাচ্ছিল তাদের খেলায়। কোচ রেজাউল করিমও মেনে নিলেন এটা, ‘খেলাধুলায় আসলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। আমরা ৩-৪ মাসের একটা ক্যাম্প ডেকেছিলাম। কিন্তু পরীক্ষার কারণে অনেক মেয়েই নিয়মিত অনুশীলনে আসত না।’ তবে একটা বাস্তবতা অস্বীকার না করে পারছেন না, এদের দিয়ে সেই হারানো গৌরব ফিরিয়ে আনা সম্ভব নয়! তার পরও রেজাউল স্বপ্ন দেখেন, ‘আমি স্বপ্ন দেখি আবারও খুলনার ভলিবলে সুদিন ফিরবে। কিন্তু এ জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দরকার, দরকার সেটার ধারাবাহিকতা ধরে রাখা।’ আর্থিক সীমাবদ্ধতার কারণেই অনুশীলন চালিয়ে যাওয়া সম্ভব হয় না বলে জানালেন তিনি। এ জন্য চান পৃষ্ঠপোষক। কবে সে রকম পৃষ্ঠপোষক পাবে খুলনা?