ফিরবে না সেই '৮২-র লজ্জা!
আনশ্লুস—আলজেরিয়ানরা এখনো ভোলেনি এই শব্দটা৷ এটির আভিধানিক অর্থ মিলন, একত্রকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধপূর্ব সময়ে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার মিশে যাওয়াটাই পরিচিত আনশ্লুস নামে। সেই আনশ্লুসই ফিরে এসেছিল ১৯৮২ বিশ্বকাপে। নির্লজ্জ একটা পাতানো ম্যাচ খেলেই বিশ্বকাপ থেকে আলজেরিয়াকে বিদায় করে দিয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। জার্মানি-অস্ট্রিয়ার ম্যাচটা জার্মানরা এক বা দুই গোলের ব্যবধানে জিতলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে জার্মানি-অস্ট্রিয়া দুই দলই। ১০ মিনিটের মধ্যে জার্মানরা এগিয়ে যায় ১-০ গোলে। পরের ৮০ মিনিটে দুই প্রতিবেশীর গোল দেওয়ার কোনো চেষ্টাই দেখা যায়নি। গিজনের সেই ম্যাচটা ফুটবল ইতিহাসে পরিচিত গিজনের লজ্জা নামেও।
৩২ বছর পর এবার ব্রাজিলে একই সমীকরণ সামনে নিয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচটা খেলতে নামবে জার্মানি। পরশু যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে দুই দলই। তারপর যুক্তরাষ্ট্রের কোচ আবার এক জার্মান। এবারও কী তাহলে?
না, ফিরবে না আনশ্লুস। এমন আশ্বাসই দিয়ে যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান বললেন জয়ের জন্যই খেলবে তাঁর দল, ‘কয়েক দশক আগের এক ম্যাচ নিয়ে কথা হচ্ছে। ওটা জার্মানির ইতিহাসের একটা অংশ, যুক্তরাষ্ট্রের নয়। যুক্তরাষ্ট্র দলটার অতীতের দিকে তাকালে দেখতে পাবেন আমরা সব সময়ই কিছু একটা করার চেষ্টা করেছি।আমাদের সেই লড়াকু মানসিকতা আছে। প্রতি ম্যাচেই আমরা সর্বস্ব ঢেলে দিই। আমরা রেসিফে যাব ও জার্মানিকে হারানোর জন্য নিজেদের উজাড় করে দেব। আমাদের লক্ষ্য ওটাই।’
গত পরশু মানাউসে পর্তুগালের সঙ্গে একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ ড্র না করলে যুক্তরাষ্ট্র উঠে যেত দ্বিতীয় রাউন্ডে৷ এএফপি।