ফিরল আবার ইসিনবায়েভা-যুগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পোল ভল্টের রানি’ খেতাবটি তাঁর নামের সমার্থক হয়ে গেছে অনেক আগেই। কিন্তু এত দিন ওটা ছিল লোকজনের মুখে। অন্যের মুখে আর কত! এবার নিজেকে নিজেই রানি ঘোষণা করলেন ইয়েলেনা ইসিনবায়েভা! গত পরশু ঘটা করে বিশ্বকে জানিয়ে দিলেন, ‘ইয়েলেনা ইসিনবায়েভা-যুগ আবার ফিরে এসেছে, যদিও সেটা কখনোই শেষ হয়নি। আমিই পোল ভল্টের রানি। মুকুটটা আমারই।’ আশ্চর্যের ব্যাপার, ইসিনবায়েভার মুখে এমন ঘোষণা শুনেও এতটুকু অহংকারী বা উদ্ধত মনে হচ্ছে না। ‘রানি’র মুখেই তো ‘রানি’ শব্দটা ভালো মানায়!শুধু মুখে নয়, তাঁর শরীরী ভাষাও বলছিল দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব আসরের শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধার করে কতটা উচ্ছ্বসিত তিনি। মাঠের কীর্তি দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। অথচ সেই তিনিই কিনা বিশ্বমঞ্চে সোনা জিতলেন ৫ বছর পর। ইসিনবায়েভা সর্বশেষ বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই ২০০৮ বেইজিং অলিম্পিকে। অবশেষে স্বপ্নটা পূরণ হলো ঘরের মাটি আর নিজের দেশের দর্শকের সামনে। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো মাথায় তুলে নিলেন বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট।সেরা সব প্রতিদ্বন্দ্বীই ছিলেন। কিন্তু স্বপ্নপূরণে ইসিনবায়েভার ছিল প্রচণ্ড আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার উৎস ছিল গ্যালারিভর্তি দর্শক। তাঁর জন্যই পরশু গ্যালারি কানায় কানায় ভরে গেল। ইসিনবায়েভা তাদের হতাশ করেননি। ৪.৮৯ মিটার লাফিয়ে জিতে নিয়েছেন সোনা। দুজনই সমান ৪.৮২ মিটার করে পেরোলেও কম লাফ দেওয়ায় রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের জেনিফার সুর, ব্রোঞ্জ জিতেছেন কিউবার ইয়ার্সলি সিলভা।সুর যেখানে শুরু করেন ৪.৫৫ মিটার দিয়ে, ইসিনবায়েভা শুরু ৪.৪৫ মিটার থেকে। পরে একটু একটু করে বাড়িয়ে ৪.৮৯ পেরিয়ে নিশ্চিত করেন সোনা। পরে রেকর্ড-কন্যা নিজের রেকর্ড ভাঙার চেষ্টাও করেছেন, পারেননি। ৫.০৬ মিটারের রেকর্ড ভাঙতে পরশু বারটাকে ৫.০৭ মিটার উঁচুতে তুলে তিনবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে প্রতিশ্রুতি দিয়েছেন, ‘শিগগিরই রেকর্ড আসবে।’ আর এখানে রেকর্ড না হলেও তা সোনার আনন্দকে বিবর্ণ করতে পারেনি। জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাঠজুড়ে দৌড়াদৌড়ি-লাফালাফি করেছেন, ডিগবাজি দিয়েছেন, দর্শকদের অভিনন্দন জানিয়েছেন, উচ্ছ্বাস-আবেগে বুকে জড়িয়েছেন কাছের মানুষদের। স্বপ্ন পূরণ হয়েছে। এবার বিদায় বলে দিলেই পূরণ হয়ে যায় শীর্ষে বসে বিদায় নেওয়ার বাসনাও। কিন্তু সেই সিদ্ধান্তটা পাল্টে ফেলেছেন। পরশুও জানিয়ে দিলেন, অবসর নয়, আপাতত তিনি ছুটি নিতে চান ১৮ মাসের জন্য। একজন মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন থাকে মা হওয়া। ছুটিটাও নিচ্ছেন মা হওয়ার জন্যই, ‘মেয়েদের জন্য ১৮ মাসের ছুটিটা অল্পই। নয় মাস গর্ভাবস্থা, নয় মাস সন্তানকে দেখাশোনার জন্য।’ এই স্বপ্নপূরণ করে আবারও ফিরতে চান ট্র্যাকে, ‘আমি এ মুহূর্তে অবসর নিচ্ছি না। আমি শুধু বাচ্চা নেওয়ার জন্য ছুটি নিচ্ছি। এরপর আমি চেষ্টা করব রিওতে (২০১৬ অলিম্পিক) যাওয়ার। তবে সেটা নির্ভর করবে ভল্টিংয়ে আমি কতটা ভালো অবস্থায় থাকি তার ওপর। যদি সবকিছু ঠিকঠাকভাবে না হয়, আমি আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেব।’মানে পরিষ্কার, মস্কোর এই লাফটা হতে পারে ইসিনবায়েভার শেষ লাফও! সেটাই যদি হয়, তার পরও তাঁর যে অর্জন, সেটা কেউ কখনো ছুঁতে পারবেন না বলেই মনে করেন তিনি। নিজের দুটি অলিম্পিক ও তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা ও ২৮ বার রেকর্ড গড়ার উদাহরণ টেনে বলেছেন, ‘আমার মনে হয় না আমি যা করেছি, কোনো মেয়ে তা করবে পারবে।’ মস্কোর সাফল্যের জন্য ইসিনবায়েভা কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়েছেন কোচ, সমর্থক, পরিবার এবং শৈশবের আদর্শ সের্গেই বুবকাকে—যাঁরা গ্যালারিতে বসে অনুপ্রাণিত করেছেন তাঁকে। এএফপি।