ফিরল নাদাল-রাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুয়ান মার্টিন দেল পোত্রোর শেষ শটটা কোর্টের বাইরে পড়তেই সটান শুয়ে পড়লেন রাফায়েল নাদাল। জয় উদ্যাপন করতে উঠে পড়লেন অবশ্য পরক্ষণেই। হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর পরশুই লাল দুর্গের রাজা জিতলেন তৃতীয় শিরোপা। এবারের শিরোপাটা অবশ্য এল হার্ডকোর্টে। এই কোর্টে ২০১০ সালে টোকিও ওপেনের পর প্রথম জিতলেন। বিএনপি পারিবাস ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনালে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন নাদাল। মাটির কোর্টের পর হার্ডকোর্টেও নিজেকে চেনালেন ১১টি গ্র্যান্ড স্লামের মালিক। সাত মাসের নির্বাসন কাটিয়ে ফেরার পর খেলা চার টুর্নামেন্টেই উঠেছেন ফাইনালে। জিতেছেন ১৮ ম্যাচের ১৭টিতেই। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে যেন বার্তা দিয়ে রাখলেন প্রতিপক্ষদের।স্বপ্নের মতো প্রত্যাবর্তনে নিজেই অবাক নাদাল। ৫৩তম এটিপি শিরোপা জয়ের পর ঘোরলাগা কণ্ঠে বললেন, ‘গত সাত মাসে কত কী ঘটল! এখানে ফিরে আসা, এই ভারী ট্রফিটার মালিক হওয়া, সত্যিই অবিশ্বাস্য। এর চেয়ে ভালো প্রত্যাবর্তন অসম্ভব।’ যে বাঁ হাঁটুর কারণে সাত মাসের নির্বাসন, সেই হাঁটুটাকে বিশ্রাম দিতে এবার এক মাসের জন্য কোর্টের বাইরে যাচ্ছেন নাদাল। ফিরবেন আগামী মাসের মন্টেকার্লো ওপেন দিয়ে। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মারিয়া শারাপোভা। ফাইনালে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-২, ৬-২ গেমে বিধ্বস্ত করে গত বছরের ফ্রেঞ্চ ওপেনের পর প্রথম শিরোপা জিতলেন শারাপোভা। এএফপি, রয়টার্স।