ফিরলেন আশরাফুল-জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কতবার বাদ পড়লেন আর ফিরলেন মোহাম্মদ আশরাফুল? সংখ্যাটা হয়তো বলতে পারবেন না তিনি নিজেও। এই আসা-যাওয়ার গল্পে যোগ হলো নতুন আরেকটি অধ্যায়। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরেছেন সাবেক অধিনায়ক। দলে ফিরেছেন জুনায়েদ সিদ্দিক ও জিয়াউর রহমানও। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে ছিলেন জিয়াউর। ফিরলেন আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।আশরাফুল এখন কেন্ট লিগে খেলছেন ব্ল্যাকহিথের হয়ে। ব্রমলির বিপক্ষে একটি সেঞ্চুরিও করেছেন গত সপ্তাহে, করেছেন একটি হ্যাটট্রিকও। তবে প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, আশরাফুলকে নেওয়া হয়েছে মূলত বিপিএলের পারফরম্যান্সে, ‘আশরাফুল কিন্তু ঘরোয়া ক্রিকেটে সব সময়ই মোটামুটি রান করে। এবার ৫০ ওভারের ক্রিকেটে হয়তো এতটা ভালো করতে পারেনি, তবে বিপিএলে বেশ দায়িত্ব নিয়ে খেলেছে। তা ছাড়া টি-টোয়েন্টিতে আমরা নানা বিকল্পের কথাও মাথায় রেখেছি। আশরাফুল বিভিন্ন পজিশনে, বিভিন্ন পরিস্থিতিতে ব্যাট করতে পারে।’ বিপিএলে ২৮.৬৬ গড় ও ১১২.৬৬ স্ট্রাইক রেটে ২৫৮ রান করেছিলেন আশরাফুল।পেস বোলিং আর ঝোড়ো ব্যাটিং মিলিয়ে টি-টোয়েন্টির দারুণ কার্যকর ক্রিকেটার হিসেবে ঘরোয়া ক্রিকেটে আবির্ভূত হয়েছিলেন জিয়াউর। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছিলেন এ কারণেই। তবে এরপর আর নিজেকে এগিয়ে নিতে পারেননি। কিছুটা দৃষ্টির আড়ালেই চলে গিয়েছিলেন। তবে বিপিএল ও এবারের প্রিমিয়ার লিগে যেন নতুন করে ফিরে পেয়েছেন নিজেকে। প্রিমিয়ারে ১২ ইনিংসে ৩৯০ রান করেছেন ৮৮.৮৪ স্ট্রাইক রেটে, বিপিএলে ১৩৭.২৩ স্ট্রাইক রেটে করেছিলেন ১২৯ রান।জিয়াউরকে নেওয়ার ক্ষেত্রেও দলের ভারসাম্যের কথা বিবেচনায় ছিল বলে জানালেন আকরাম, ‘জিয়া টি-টোয়েন্টির জন্য আদর্শ ক্রিকেটার। ওপেনিং থেকে মিডল বা লোয়ার-অর্ডার সব জায়গায় ব্যাট করতে পারে। আর পেস বোলিংটাও দারুণ কার্যকর।’ জুনায়েদের দলে ফেরাতেও বড় ভূমিকা বিপিএলের, ২৩৮ রান করেছিলেন ১৪৭.৮২ স্ট্রাইক রেটে।টি-টোয়েন্টি দল বিবেচনায় নিলে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজাও, আর নতুন মুখ আনামুল হক ও আবুল হাসান। সর্বশেষ টি-টোয়েন্টির (পাকিস্তানের বিপক্ষে ডিসেম্বরে) স্কোয়াড থেকে জিম্বাবুয়ে সফরের দলে নেই রুবেল হোসেন, শফিউল ইসলাম, ইমরুল কায়েস, নাঈম ইসলাম ও অলক কাপালি। এশিয়া কাপের মাঝপথে ছিটকে যাওয়ার পর এবার ক্যাম্পে যোগ দিয়েছিলেন শফিউল। কিন্তু এখনো কাঁধে ব্যথা আছে। থ্রো করতেও সমস্যা হচ্ছে, এমনকি অস্ত্রোপচারও লাগতে পারে।জিম্বাবুয়ের উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ১২ জুন। ১৫ জুন একটি প্রস্তুতি ম্যাচের পর ১৭ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আনঅফিশিয়াল এই ত্রিদেশীয় সিরিজের অন্য দল দক্ষিণ আফ্রিকা।জিম্বাবুয়ে সফরের দলমুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, মাশরাফি বিন মুর্তজা, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, আবুল হাসান।স্ট্যান্ডবাই: ইমরুল কায়েস, জহুরুল ইসলাম, নাইম ইসলাম, আল আমিন।