ফিরলেন ওঁরা কৃষ্ণের দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে তাঁদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের প্রাথমিক দলে ডাক পান রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টু। কাল ঘোষিত ১৮ জনের চূড়ান্ত দলেও জায়গা করে নিয়েছেন এই তিন খেলোয়াড়। সর্বশেষ এশিয়ান গেমসে ভরাডুবির পর জিমি, রানা ও পিন্টুকে চূড়ান্ত দলে রেখে হকির কর্মকর্তারা যেন মেনেই নিলেন, এঁদের ছাড়া বাংলাদেশের সেরা দল গড়া যায় না। আর আগেই ইঙ্গিত মিলেছিল, বাংলাদেশ হকি দল পেতে পারে নতুন অধিনায়ক। হয়েছে সেটাই। চয়নকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে কৃষ্ণ কুমারকে।      

 পুরোনো ও অভিজ্ঞদের নিয়েই গড়া হয়েছে এবারের জাতীয় দল। সম্প্রতি অনূর্ধ্ব-২১ এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া যুবদল থেকে সুযোগ পেয়েছেন আশরাফুল ইসলাম। ইনচন এশিয়ান গেমসে বাদ পড়া রেজাউল করিম ফিরেছেন। চার বছর পর জাতীয় দলে ফিরেছেন রিমন কুমার।

আগামী ১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে হবে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পোল্যান্ড, জাপান ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, ফিজি, ওমান ও ইউক্রেন। বিশ্ব হকি লিগের সেমিফাইনাল পর্বে যেতে হলে এই আট দলের মধ্যে অন্তত তৃতীয় হতেই হবে বাংলাদেশকে। সহকারী কোচ মামুনুর রশীদ জানান কাজটা সহজ নয়, ‘আমাদের পরের রাউন্ডে ওঠার সুযোগ আছে, তবে সেটা অনেক সমীকরণ মিলিয়ে। তবে আমরা আশাবাদী থাকতে চাই পরের রাউন্ডে খেলব।’ গত এশিয়ান গেমসে দেখা গেছে, বেশির ভাগ ম্যাচেই শেষ কোয়ার্টারে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের এই দুর্বলতা নিয়েই বেশি কাজ হয়েছে বলে জানালেন তিনি, ‘ফিটনেস নিয়ে অনেক কাজ করা হয়েছে। তবে আক্ষেপ, একটি প্রস্তুতি ম্যাচও খেলতে পারিনি।’ জিমিদের ফিরে পেয়ে খুশি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘জিমি অবশ্যই ভালো খেলোয়াড়। ওকে সুযোগ দিয়েছি সেরা একাদশে খেলাব বলেই।’

 ১০ জানুয়ারি মালয়েশিয়ায় যাবে বাংলাদেশ। সেখানে ১২ ও ১৩ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে। ১৫ জানুয়ারি সিঙ্গাপুরে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ওমানের সঙ্গে।

বাংলাদেশ হকি দল: কৃষ্ণ কুমার (অধিনায়ক), সারোয়ার হোসেন (সহ-অধিনায়ক), মামুনুর রহমান চয়ন, রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা মিমো, কামরুজ্জামান, মইনুল ইসলাম, ইমরান হাসান, হাসান যোবায়ের নিলয়, খোরশেদুর রহমান, মিলন হোসেন, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ, অসীম গোপ, রুম্মন সরকার, রেজাউল করিম, আশরাফুল ইসলাম ও রিমন কুমার।