ফিরলেন কামরান আকমল
অবশেষে পাকিস্তান দলে ডাক পেলেন কামরান আকমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই দীর্ঘদিন পর পাকিস্তানের জার্সি গায়ে দেখা যাবে কামরানকে।কামরান আকমল সুযোগ পেলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইউনুস খান ও উমর গুল। তবে অফ ফর্মে থাকা ইউনুসকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইকবাল কাশিম। উমর গুল সম্পর্কেও একই কথা বেরিয়ে এসেছে প্রধান নির্বাচকের মুখ থেকে।কাশিম বলেন, ‘ইউনুস খান ও উমর গুলকে দল থেকে বাদ দেওয়া হয়নি। বরং তাদের বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।’এদিকে, উইকেটরক্ষক সরফরাজ আহমেদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন কামরান আকমল। কামরান আকমলের পাশাপাশি দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক ও পেসার জুনাইদ খান।অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্বাচকেরা দলে সুযোগ দিয়েছেন তরুণ পেসার আনোয়ার আলীকে। এখনো কোনো টেস্ট ও ওয়ানডে না খেলা এই পেসার ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান যুব দলের হয়ে খেলেছিলেন। পাকিস্তান সেবার শিরোপা জিতেছিল।পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, আজহার আলী, আসাদ শফিক, উমর আকমল, কামরান আকমল, ইমরান ফরহাত, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, সোহেল তানভীর, আইজাজ চিমা, জুনাইদ খান, আনোয়ার আলী, সাঈদ আজমল, আবদুর রেহমান। রয়টার্স।