ফিরলেন কামরান-নাজির-রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছিল একেবারে শেষ মুহূর্তে। অধিনায়কের নাম ঘোষণা নিয়েও হয়েছে অনেক নাটক। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সবার আগে ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল নিয়ে সবচেয়ে বড় খবর কামরান আকমলের ফেরা। ফিরেছেন দুই ওপেনার ইমরান নাজির, নাসির জামশেদ ও অলরাউন্ডার আবদুল রাজ্জাকও। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলবে ১৫ সদস্যের এই দল।গত বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে কামরান। বাদ পড়ার আগে বারবার শিরোনাম হয়েছেন সহজ থেকে সহজতর সব ক্যাচ ছেড়ে। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগও ছিল। তবে এ মাসের শুরুতে ‘বড়’ আকমলকে অভিযোগ থেকে মুক্তি দেয় পিসিবির সত্যানুসন্ধান কমিটি। আর গত দেড় বছরে উইকেটের সামনে-পেছনে মিলিয়ে কামরানের কোনো উপযুক্ত বিকল্প খুঁজে পায়নি পাকিস্তান। টেস্ট দলে তবু ‘মেজো’ আকমল—আদনান মোটামুটি থিতু হয়েছেন। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণে কামরানের মতো কার্যকরী উইকেটকিপার-ব্যাটসম্যান পাওয়া যায়নি। উপযুক্ত বিকল্পের অভাবেই যে বহু সমালোচিত কামরানকে ফেরানো, সেটা প্রাথমিক দল ঘোষণার সময়ই বলেছিলেন প্রধান নির্বাচক ইকবাল কাশিম।ইমরান নাজিরের ক্যারিয়ারও চির আক্ষেপের গল্প। অনেক প্রতিশ্রুতি নিয়ে শুরুর পরও ক্যারিয়ারে গতি আনতে পারেননি। সর্বশেষ পাকিস্তান দলে খেলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে। এবার আরেকটা সুযোগ পেলেন ক্যারিয়ার পুনরুজ্জীবনের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও পরে চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন জামশেদ। এই দুই ওপেনারকে জায়গা দিতে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ ও খালিদ লতিফ। রাজ্জাক দলের বাইরে ছিলেন গত নভেম্বর থেকে। বড় টুর্নামেন্টে সাফল্যের কথা মাথায় রেখেই ফেরানো হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডারকে। বাদ পড়েছেন তাই তরুণ প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার হাম্মাদ আজম। হারিস সোহেলের জায়গা নিয়েছেন আসাদ শফিক। আর কামরান ফেরায় বাদ উইকেটকিপার শাকিল আনসার। পাকিস্তানের চিরশক্তির জায়গা বোলিং লাইনআপ আছে আগের মতোই। টিকে গেছেন তরুণ বাঁহাতি স্পিনার রাজা হাসান। তবে শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে আগুন ঝরানো জুনাইদ খানের না থাকা অবাক করেছে অনেককেই। সম্ভবত ব্যাটের হাতটাও ভালো বলে জুনাইদকে টপকে গেছেন ইয়াসির আরাফাত। ওয়েবসাইট।পাকিস্তান দলপাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, কামরান আকমল, আসাদ শফিক, শোয়েব মালিক, আবদুল রাজ্জাক, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, উমর আকমল, সাঈদ আজমল, রাজা হাসান, উমর গুল, মোহাম্মদ সামি, সোহেল তানভির।