ফিরলেন কামিন্স-স্মিথ-জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন দেরিতে হলেও ১৯তম জন্মদিনে দারুণ একটা উপহার পেয়ে গেলেন প্যাট কামিন্স। গত নভেম্বরে ওয়ান্ডারার্সে চমক জাগানো টেস্ট অভিষেকের পরই পায়ের চোটে ছিটকে পড়েছিলেন দলের বাইরে। দীর্ঘ পুনর্বাসন শেষে তরুণ ফাস্ট বোলার ফিরেছেন ইংল্যান্ড সফরের অস্ট্রেলিয়া দলে। কামিন্স-প্যাটিনসনদের উত্থানে যাঁর ক্যারিয়ার নিয়ে ছিল শঙ্কা, সেই মিচেল জনসনও ফিরেছেন চোট কাটিয়ে। আর পারফরম্যান্স দিয়ে ফিরেছেন অলরাউন্ডার স্টিভেন স্মিথ।সফরটি শুধুই ওয়ানডের। ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডের সিরিজ। আছে দুটো প্রস্তুতি ওয়ানডেও। সর্বশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান, পিটার ফরেস্ট, নাথান লায়ন ও পিটার নেভিল।বাজে পারফরম্যান্সের কারণে দলে জায়গা হারিয়েছিলেন স্মিথ। আবার ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেই ফিরেছেন দলে। ওয়ান্ডারার্সে টেস্ট অভিষেকেই দুই ইনিংসে ৭ উইকেট ও রোমাঞ্চকর এক রান তাড়ায় ম্যাচজয়ী শট খেলে ম্যাচসেরা হয়েছিলেন কামিন্স। তবে ওই টেস্টেই চোট পেয়েছিলেন। গত মাসের শুরুতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এবার ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটেও।বাজে ফর্মের কারণে এমনিতে প্রচণ্ড সমালোচনায় ছিলেন জনসন। তার ওপর পড়েছেন চোটে। সর্বশেষ সিরিজগুলোতে অস্ট্রেলিয়ান পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে জনসনের দলে ফেরা নিয়ে তাই যথেষ্টই সংশয় ছিল। আরেকটা সুযোগ তবু দেওয়া হলো ২০০৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারকে।অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন, জর্জ বেইলি, প্যাট কামিন্স, জেভিয়ার ডোহার্টি, বেন হিলফেনহস, মাইক হাসি, ডেভিড হাসি, মিচেল জনসন, ব্রেট লি, ক্লিন্ট ম্যাকাই, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।