ফিরলেন কার্ক-ওয়াল্টন
চ্যাডউইক ওয়াল্টনকে মনে আছে? মনে থাকার কথাও নয়। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হোম সিরিজ বর্জন করলেন গেইল-চন্দরপলরা। উপায়ন্তর না দেখে খর্বশক্তির একটা দলকেই নামিয়ে দেওয়া হলো মাঠে। সেই দলের উইকেটরক্ষক ছিলেন ওয়াল্টন। ওটাই এত দিন প্রথম ও শেষ সিরিজ হয়েছিল ওয়াল্টনের। দীর্ঘ চার বছর পর আবার সুযোগ পাচ্ছেন ওয়াল্টন। ভারত সফরের ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে জায়গা পেয়েছেন জ্যামাইকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ওয়াল্টন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দলে আছেন কার্ক এডওয়ার্ডস। তিনি সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর ইংল্যান্ডের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এবং চলতি ভারত সফরে নিয়মিত রান করে চলেছেন এডওয়ার্ডস। শ্রীলঙ্কা ‘এ’র বিপক্ষে দুই ইনিংসে ৯৫.৫ গড়ে করেছেন ১৯১ রান। আর চলতি ভারত সফরে তিনটি লিস্ট ‘এ’ ম্যাচে উইন্ডিজ অধিনায়ক ৫৩ গড়ে করেছেন ১৫৯ রান। ধারাবাহিক এই পারফরম্যান্সের ফসল তাঁর টেস্ট দলে ফিরে আসা।
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল নেই ভারত সফরের দলে। তাঁর জায়গায় দলে ফিরেছেন জ্যামাইকান পেসার শেলডন কটারেল। ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট হবে ৬-১০ এবং ১৪-১৮ নভেম্বর। সফরে ২১, ২৪ ও ২৭ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েবসাইট।
উইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, শেলডন কটারেল, নরসিং দেওনারাইন, কার্ক এডওয়ার্ডস, ক্রিস গেইল, ভিরাসামি পেরমল, কাইরান পাওয়েল, দীনেশ রামদিন, কেমার রোচ, মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড, চ্যাডউইক ওয়াল্টন।