ফিরলেন জানেত্তি-ক্যাম্বিয়াসো
ম্যারাডোনা-যুগের শেষ পদরেখাটিও যেন মুছে ফেললেন সার্জিও বাতিস্তা। স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে ডাকলেন হাভিয়ের জানেত্তি আর এস্তেবান ক্যাম্বিয়াসোকে। আর্জেন্টিনার পক্ষে রেকর্ড ১৩৬ ম্যাচ খেলেছেন জানেত্তি। ছিলেন অধিনায়কও। ক্যাম্বিয়াসো খেলেছেন ৪৪ ম্যাচ। ইন্টার মিলানের এই দুই ফুটবলারই ক্লাবটির গত মৌসুমের ‘ট্রেবল’ জয়ে বড় অবদান রেখেছেন। তার পরও ম্যারাডোনার বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি তাঁদের।রিভার প্লেটের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী মাসের ৭ তারিখ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে আর্জেন্টিনা জিতলে প্রায় নিশ্চিত হয়ে যাবে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত বাতিস্তার চুক্তি। আর্জেন্টিনার আপত্কালীন কোচ অবশ্য জানালেন, চুক্তি না হলেও ব্রাজিল বিশ্বকাপে চোখ রেখেই কাজ শুরু করে দিয়েছেন তিনি, ‘আমি ২০১৪ বিশ্বকাপের কথাই ভাবছি। সবচেয়ে গুরুত্ব পাবে জাতীয় দলের জন্য দলের জুনিয়র খেলোয়াড়দের গড়ে তোলা।’ এএফপি, রয়টার্স।তরুণদের দলই যখন গড়বেন, তখন ৩৭ বছর বয়সী ক্যাম্বিয়াসোকে ফিরিয়ে আনা কেন? বাতিস্তার জবাব, হুট করে দলে পরিবর্তন না এনে ধীরে ধীরে রূপান্তর করানোই ভালো, ‘আর্জেন্টিনার ফুটবলে যেভাবে কাজ করা হয়, সেটির ধরন পাল্টানো জরুরি। কারণ আপনি মাত্র আট বছর বয়সী একটা ছেলের কাছেই সবচেয়ে বেশি আশা করতে পারেন না।’জানেত্তি-ক্যাম্বিয়াসো ছাড়াও দলে ডাক পেয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতো। ৫ বছর পর দলে ডাক পেলেন আন্দ্রেস ডি’আলেসান্দ্রো। ২৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার দুর্দান্ত খেলেছেন তাঁর ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে। কদিন আগে দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদোরেসও জিতিয়েছেন। দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলারও হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ডি’আলেসান্দ্রো। ২৩ জনের দলে আরও বড় ধরনের কোনো পরিবর্তন নেই। মেসি-তেভেজ-হিগুয়েইন-আগুয়েরোরা আছেন। আর্জেন্টিনার স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে ম্যাচটি।