ফিরলেন জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গাকারা-ম্যাথুসরা যখন সংযুক্ত আরব আমিরাতে ঘাম ছুটিয়ে যাচ্ছেন, দেশে মাহেলা জয়াবর্ধনের সময়টা কাটছে দারুণ মজা করে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে জয়াবর্ধনে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না। প্রথম দিকে হয়তো একটু টেনশন গেছে, তবে ৩ ডিসেম্বর তাঁর স্ত্রী ক্রিস্টিনা ফুটফুটে এক কন্যাসন্তানের মা হয়েছেন। পরিবারের এই আনন্দময় মুহূর্ত ফেলে জয়াবর্ধনে দ্রুতই যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ফিরেছেন পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলে।
চলতি ওয়ানডে সিরিজ শেষে ৩১ ডিসেম্বর থেকে আবুধাবি টেস্ট দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এ জন্য কাল ম্যাথুসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। একমাত্র নতুন মুখ—বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো। ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ৩৭ উইকেট নিয়ে ২২ বছর বয়সী নজর কেড়েছেন নির্বাচকদের। কখনো টেস্ট খেলেননি, এমন খেলোয়াড় আছেন আরেকজন। রহস্যস্পিনার অজন্তা মেন্ডিসকে পেছনে ফেলে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ৪টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। এএফপি।
শ্রীলঙ্কার টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, দিমুথ করুনারত্নে, কুশল সিলভা, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে (্উইকেটকিপার), নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, শামিন্দা ইরাঙ্গা, বিশ্ব ফার্নান্ডো, সচিত্রা সেনানায়েকে, নুয়ান প্রদীপ, রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরা।