ফিরলেন টি-টোয়েন্টির জুনায়েদ
তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক দিন। জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটেও ভালো করতে পারছিলেন না। ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ৯৮ রানের একটা ইনিংস ছিল। সেটিও আবার বেশি ধীর ব্যাটিংয়ের অভিযোগে অভিযুক্ত!জুনায়েদ সিদ্দিকের নিয়তিতেই বোধ হয় লেখা, ব্যর্থতা আর সমালোচনার চক্র থেকে বেরিয়ে আসবেন চট্টগ্রামে। কাল ম্যাচ শেষে নিজেও বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছি এখানে। জিম্বাবুয়ের সঙ্গে এক ম্যাচে ফিফটি করে অপরাজিত ছিলাম। দুটি ইনিংসই আমার জীবনে অনেক বড়। ওই সময় সেঞ্চুরি না করলে হয়তো টেস্ট দলে থাকতাম না। ওই ফিফটিটা না করলে বিশ্বকাপে না-ও খেলতে পারতাম। আজও ভালো না করলে হয়তো পরের ম্যাচে বাদ পড়ে যেতাম।’বরিশাল বার্নার্সের ১৯২ রানও তুচ্ছ হয়ে গেছে জুনায়েদের ব্যাটের দাপটে। ইয়াসির আরাফাতকে প্রথম ছক্কাটা মারার পরই শেষের ছবিটা এঁকে ফেলেছিলেন বাঁহাতি ওপেনার, ‘প্রথম ছক্কাটা মারার পরই বিশ্বাস আসে, জেতা সম্ভব। আগের ম্যাচগুলোয় ভালো শুরু করেও ২৬-২৭ রান করে আউট হয়ে যাচ্ছিলাম। কোচ, অধিনায়ক, সতীর্থ সবাই বলছিল, শুরু ভালো হচ্ছে, এটাকে টেনে নিতে। আমি তৃপ্ত সেটা করতে পারায়।’ ক্যারিয়ারের শুরুটা টি-টোয়েন্টি স্পেশালিস্ট পরিচয় দিয়েই। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলে অভিষেকেই পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। এর আগে ২০০৫-০৬ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মোহামেডানের হয়ে সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৪ রান করেছিলেন ১১ ছক্কায়। কাল পাঁচ ছক্কা আর সাত বাউন্ডারির দিনে সেই ম্যাচটিও মনে পড়ল, ‘ওই ইনিংসটা মানুষকে জানিয়েছিল, জুনায়েদ সিদ্দিক নামে একজন খেলোয়াড় আছে। এবারেরটাকে বলব আমার ফিরে আসার জন্য একটা ভালো ইনিংস।’সাত ম্যাচে ২০১ রান করে বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে জুনায়েদেরই এখন সর্বোচ্চ রান। তাঁর চেয়ে বেশি রান আছে পাঁচ বিদেশির। তার পরও ৮৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ জাগাতেই পারে মনে। কী আশ্চর্য, সেটি নাকি নেই! ‘একটা সময়ে সেঞ্চুরির কথা মনে হয়েছিল। তবে দলের একটা গেমপ্ল্যান ছিল। উইকেটে স্যামুয়েলস বলছিল, ও অফ স্পিনারকে মারবে। আমি বাঁহাতি, তাই আমি মারলে ঝুঁকি হয়ে যেত। আমারও লক্ষ্য ছিল অপরাজিত থাকব।’প্রথম দুই ম্যাচে হারার পর টানা পাঁচ ম্যাচে জয়! দুরন্ত রাজশাহীর এই সাফল্যের পেছনে টিম স্পিরিটটাকেই বড় করে দেখছেন জুনায়েদ, ‘বাংলাদেশ দলে খেলে যেমন গর্ববোধ করি, রাজশাহীর হয়ে খেলেও আমি গর্ববোধ করি। রাজশাহীর খেলোয়াড়েরা অনেক পরিশ্রম করে, দলের মধ্যে একটা স্পিরিট থাকে। একটা ম্যাচ জেতার পরই বিশ্বাস চলে আসে, পরের ম্যাচগুলোও আমরা জিততে পারব।’