ফিরলেন পিটারসেন
দক্ষিণ আফ্রিকা থেকে অনেক ঝামেলার মধ্যে উড়ে এসেছিলেন লন্ডনে। ৪৮ ঘণ্টার সফর শেষে চ্যাম্পিয়নস লিগ খেলতে আবার দক্ষিণ আফ্রিকায় ফেরার সময় টুইট করলেন, ‘শর্ট অ্যান্ড সুইট লন্ডন, বাইবাই।’ কেন ‘সুইট’, সেটা বোঝা গেল কালই। ভারত সফরের ইংল্যান্ড দলে নেওয়া হয়েছে কেভিন পিটারসেনকে। এবার ডারবান থেকে উচ্ছ্বসিত পিটারসেনের টুইট, ‘বুউউউউম! ইংল্যান্ডের হয়ে খেলার দিনগুলো ক্যারিয়ারের সবচেয়ে আনন্দময় সব দিন। আশা করি এভাবেই চলতে থাকবে।’কোচ অ্যান্ডি ফ্লাওয়ার, অধিনায়ক অ্যালিস্টার কুক ও দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করাই ছিল পিটারসেনের ছোট্ট লন্ডন সফরের উদ্দেশ্য। বোর্ড, ম্যানেজমেন্ট ও সদ্য সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের কাছে আগেই ক্ষমা চেয়েছিলেন পিটারসেন। বাকি ছিল শুধু ওটুকুই। ইংল্যান্ড টিম ডিরেক্টর হিউ মরিসও নিশ্চিত করেছেন সেটা, ‘আমরা চাইছিলাম, সিনিয়র ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে পিটারসেন মুখোমুখি আলোচনায় বসুক। দারুণ গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। এখন পুরো ব্যাপারটার ইতি টানতে চায় সবাই।’দলের কোচ ও অধিনায়ককে নিয়ে প্রতিপক্ষের কয়েকজন ক্রিকেটারের কাছে উসকানিমূলক খুদে বার্তা পাঠিয়েছেন, এ অভিযোগে গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেডিংলি টেস্টের পর থেকেই ইংল্যান্ড দলের বাইরে ছিলেন পিটারসেন। সতীর্থদের সঙ্গে ঝামেলা, আইপিএল ক্লাব-দেশ দ্বন্দ্ব আর ওয়ানডে ছাড়া নিয়ে বোর্ডের সঙ্গে টানাপোড়েন চলছিল আগে থেকেই। এবার সব পক্ষই নতুন শুরুর আশায়। ওয়েবসাইট